মিজবাউল হক, চকরিয়া : আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। বিএনপি এখন জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলে পরিণত হয়েছে। তারা কিভাবে অগ্নিসন্ত্রাস, মানুষ হত্যা করেছে-তা দেশের জনগণ জানে। তাই জনগণ বিএনপির ডাকে এখন আর কোনভাবেই সাড়া দিচ্ছে না। আজ শনিবার (২১ অক্টোবর) বিকাল তিনটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সালাহউদ্দিন আহমদ সিআইপি উপজেলার বিএমচর ইউনিয়ন ও সাহারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও দুটি পথসভায় এসব কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কথা বলেন।
তিনি বলেন, বিএনপি দেশকে অচল করার হুমকি দিচ্ছেন। আবার অগ্নিসন্ত্রাস করবে, মানুষ হত্যা করবে। এসব হুমকি-ধমকি এদেশের মানুষ পছন্দ করে না। মানুষ জঙ্গীবাদ সন্ত্রাসবাদকে চিরতরে প্রত্যাখ্যান করেছে। জনগণ ভোটের মাধ্যমে তাদের এসবের জবাব দেবে।
দুটি পথসভায় সালাহউদ্দিন আহমদ সিআইপি বলেন, এমপি জাফর আলম দেশের উন্নয়ন কর্মকান্ডের কথা প্রচার না করে শুধু লুটপাটে ব্যস্ত রয়েছেন। তার অনুগত দুই ইউপি চেয়ারম্যান চিংড়িজোনে দখল বাণিজ্যের বিরুদ্ধে মানুষ সোচ্চার হচ্ছেন। তাদের বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করছেন। চিংড়ি চাষিরা অসহায় পড়েছেন। তারা প্রতিবাদ করলে চাষিদের মারধর করছেন। স্থানীয় সাংসদের অপকর্ম থেকে চকরিয়া-পেকুয়ার মানুষ বাচতে চায়। আগামী নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান তিনি।
পরে তিনি বিএমচরের বেতুয়াবাজার ও সাহারবিল ইউনিয়নের সাহারবিল বাজারে দুটি পথসভায় যোগদান করেন। সেখান তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
এরআগে সালাহউদ্দিন আহমদ সিআইপি বিকাল ২টার দিকে পৌরসভার চিংড়ি চত্বর থেকে শতাধিক মোটরসাইকেল ও বিশাল গাড়ি বহর নিয়ে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা, বিমানবন্দরপাড়া, সওদাগরপাড়া ১নং ওয়ার্ডের আমাইন্যারচর ও তরছপাড়া এলাকার মানুষের সাথে দুই হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রাস্তার দুই পাশে শতশত নারী-পুরুষ সিআইপি এক নজর দেখার জন্য ছুটে আসেন। তারাও সালাহউদ্দিনকে অভিবাদন জানান। এছাড়াও বিভিন্ন পয়েন্টে স্থানীয় প্রবীণ মুরব্বী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সালাম বিনিময় করেন। তাদের কাছ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া চান তিনি।
এসময় বক্তব্য রাখেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাবেক আহবায়ক একেএম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, মাতামুহুরী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন বাবুল, সাংবাদিক জহিরুল ইসলাম, শফিউল আলম বাহার, চিরিঙ্গা ইউপির সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন, মাতামুহুরীর ইকবাল দরবেশী, প্রবীণ আওয়ামী লীগ নেতা সামসুল আলম বিএসসি, বিএমচরের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মাষ্টার মামুন, আবদুল কাদের মেম্বার, আমান উদ্দিন, আলমগীর কবির রাজু ও যুবলীগ নেতা আইয়ুব খান মিন্টু।




