সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বয়স্ক ও বিধবাসহ বিভিন্ন ক্যাটাগরির ভাতায় প্রতি মাসে হতদরিদ্রদের মাঝে শুধু সাতকানিয়ায় ১২ কোটি টাকা প্রদান করে থাকে। শুধু তাই নয়, এলাকাভিত্তিক জনকল্যাণমূলক কাজ করে মানুষের মনে স্থান করে নিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। এ ভাতা অব্যাহত রাখতে আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে ক্ষমতায় আনার বিকল্প নাই। আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম—১৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এ কথা বলেন।
সাতকানিয়া উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইদ্রিচ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সদস্য মাষ্টার ফরিদুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান ও পৌরসভা আওয়ামীলীগ নেতা রকিবুল হক দীপু।
এমপি আবু রেজা নদভী আরও বলেন, বঙ্গবন্ধু হচ্ছে একটি দেশের স্থপতি। এমন রাষ্ট্রনায়ককে জিয়াউর রহমান, খন্দকার মোস্তাক ও তাদের সাথে জামায়াত ইসলামী মিলে সপরিবারে হত্যা করে বিশ্বে খারাপ নজির সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, জালেমরা মাছুম বাচ্চা শেখ রাসেলকেও তার মায়ের কাছে যেতে না দিয়ে বুলেটবিদ্ধ করে হত্যা করে বর্বরতার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাদের ক্ষমা করবেন না। ওই খুনিরা জালেম, জঙ্গী ও সন্ত্রাসী হিসেবে দেশে পরিচিতি লাভ করেছে।
জেলা পরিষদ সদস্য মো. এরফানুল করিম চৌধুরী’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসির আরাফাত, চেয়ারম্যানদের মধ্যে মাদার্শার আ.ন.ম সেলিম, চরতির মো. রুহুল্লাহ চৌধুরী, নলুয়ার লেয়াকত আলী, পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, যুবলীগ নেতা হারেজ মোহাম্মদ ও ছাত্রলীগ নেতা আবদুল মান্নান প্রমুখ।




