চকরিয়া অফিস : নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় চাল ও নিত্যপন্য বাজারজাত করে বিক্রির অভিযোগে দুইটি রাইচমিল এবং একটি মুদির দোকানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ও দুপুর বারোটায় বরইতলী ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে পৃথকভাবে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেপি দেওয়ান বলেন, প্লাস্টিকের বস্তায় করে নিত্যপন্য বাজারজাত করা আইনীভাবে নিষিদ্ধ থাকলেও হারবাং ও বরইতলী ইউনিয়নের দুইটি রাইচমিল এবং একটি মুদির দোকানে গোপনে এই কাজটি চালিয়ে আসছিলেন। বুধবার সকালে অনুকুলস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়।
তিনি বলেন, প্লাস্টিকের বস্তায় চাল ও নিত্যপন্য বাজারজাত করার অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুইটি রাইচমিল এবং একটি মুদির দোকানকে পন্য পাটজাত মোড়ক আইনে তিনটি মামলায় ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি এই ধরনের অপরাধমূলক কর্মকান্ড থেকে বিরত থাকতে অভিযুক্ত ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। এরপরও তাঁরা আগামীতে এইধরনের অপরাধে জড়িত হলে পুনরায় অভিযান চালিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান সীলগালা করে দেওয়া হবে।




