লিটন কুতুবী,কুতুবদিয়া: কক্সবাজারের কুতুবদিয়া সরকারি কলেজে দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা আহত হয়েছে ৬ শিক্ষার্থী। আজ বুধবার (১১ অক্টোবর) দুপুরে এ সংঘর্য ঘটে।
আহতরা হলেন, বড়ঘোপ আরব সিকদার পাড়ার আবুল ফজলের ছেলে সাহেদ (১৮), আবুল কালামের ছেলে নওশেদ (১৮), মাতবর পাড়ার সেলিমের ছেলে জায়েদ (১৮), কৈয়ারবিল ঘিলাছড়ির আজিজুল হকের ছেলে রাফি (১৮) ও রফিকুল ইসলাম মানিক (১৯), লেমশীখালী এ,হক পাড়ার সাইফুল ইসলামের ছেলে রিদোয়ান (১৭)। আহতদের কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ শরিফুল ইসলাম। তবে আহতদের মধ্যে রিদুয়ানের আঘাত গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আহতদের সকলেই কুতুবদিয়া সরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনাটি ঘটেছে। উভয় গ্রুপ কুতুবদিয়া হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানেও মারামারিতে লিপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে। পরে উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করার চেষ্টা করেন।
খবর নিয়ে জানা যায়, স্কুলে থাকা অবস্থায় উভয় গ্রুপের মধ্যে আরও কয়েকবার মারামারির ঘটনা হয়েছে।
সাধারণ ছাত্ররা জানিয়েছেন, উভয় গ্রুপ ছাত্রলীগের অনুসারি। এখন কলেজে ভর্তি হয়েও সেই একই ঘটনার পুনরাবৃত্তি করছে।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র নেতৃবৃন্দরা জানিয়েছেন, কুতুবদিয়া কলেজ ছাত্রলীগের নতুন কমিটি এখনো দেওয়া হয়নি।
অভিভাবকরা জানান, কলেজ শিক্ষার্থীদের মধ্যে এ ধরনের ঘটনা নিঃসন্দেহে ভীতিকর এবং কলেজে শিক্ষার পরিবেশকে ধ্বংস করবে। কঠোর পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের মধ্যে সহিংসতা ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
এ বিষয়ে কুতুবদিয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ঘটনার বিষয়টি শুনেছি। তদন্ত করে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




