ঢাকা ব্যুরো: ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপ বাংলার মানুষের কল্যাণের জন্য। অন্যদিকে বিএনপি-জোট সরকার তাদের শাসন আমলে সারা দেশে নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে মৌমাছি বাহিনী বানিয়ে দেশের প্রতিটি জেলার সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নির্যাতন চালিয়েছে।’গতকাল রবিবার (০৩ সেপ্টেম্বর) রাতে ঢাকা-১৪ আসনের গাবতলী ৯ নম্বর ওয়ার্ডের সৈয়দ নজরুল ইসলাম কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুজ্জামান।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে এবং নৌকার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ঢাকাস্থ ভোলাবাসীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
নিখিল বলেন, বিএনপি একটি খুনির দল, সেই দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন খুনি। ১৫ আগস্টের পেছনে জিয়া, ২১ আগস্টের পেছনে তারেক জড়িত। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ঘটনা ঘটিয়েছিল জিয়াউর রহমান। আর খালেদা জিয়ার জ্ঞাতসারে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল তারেক রহমান।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ পরিবারের ১৮ জন সদস্যকে হত্যা করা হয়েছিল। জাতির ইতিহাসে এত বেদনা বিধুর দিন আর কখনো আসেনি।
যুবলীগ সাধারণ সম্পাদক উপস্থিত সবার কাছে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শাহাদাতবরণকারী সব শহীদের রুহের মাগফেরাত কামনায় ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনায় দোয়া চান। একই সঙ্গে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আওয়ামী লীগ সরকারকে পুনরায় ক্ষমতা আনার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন- দারুসসালাম থানা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ গিয়াস উদ্দিন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি হাজী জলিলুর রহমানসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা।




