মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার): কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর শিল্প এলাকার এক লবণ কারখানা থেকে ইয়াবাসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (০৮ জুলাই) ভোররাতে উপজেলার লবণ শিল্প এলাকা ইসলামপুর ইউনিয়নের হাজী সল্ট ইন্ডাস্ট্রিজ নামের এক লবণ কারখানায় এ অভিযান পরিচালনা করে ঈদগাঁও থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ইসলামপুরের ইসমত আলী ভুট্টো ও তারেকুর রহমান।
জানা যায়, গভীর রাতে মাদক সেবনের সংবাদ পেয়ে ওই স্থানে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে ইয়াবা পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে কারখানাটি ঘেরাও করে তাদেরকে আটক করা হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ৪৫ পিস ইয়াবা উদ্ধার করেন।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: গোলাম কবির জানান, মাদক সেবনে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে একজনকে ছেড়ে দেয়া হয়। পলাতক একজনসহ তিনজনকে আসামি করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। স্থানীয় লোকজন জানান, ইতোপূর্বে দেশের বিভিন্ন স্থানে লবণ পরিবহনের সাথে ইয়াবাসহ অনেকে আটকও হয়।




