রাঙ্গামাটি প্রতিনিধি: বৌদ্ধ ধর্ম শান্তির ধর্ম। বৌদ্ধ ধর্ম চর্চার মাধ্যমে সমাজের অন্ধকার দুর করতে হবে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।আজ শুক্রবার (০৭ জুলাই) সকালে রাঙ্গামাটিতে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙ্গামাটি অঞ্চলের উদ্যোগে শুভ বুদ্ধ পূর্ণিমা, সংবর্ধনা ও গুণিজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভগবান বুদ্ধের বানী গুলো প্রচার করার মাধ্যমে যুব সমাজকে সমাজের কুসংস্কার থেকে দুরে সরিয়ে আনতে হবে। সমাজ থেকে কুসংস্কার দুর করা গেলেই বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের কাজ সফল হবে বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি আরো বলেন, যে সমাজে গুণীজনের কদর নেই, সে সমাজে গুণীজন জন্মায় না। সমাজে গুণীজন না জন্মালে, না থাকলে সমাজ এগিয়ে যাবে না। সমাজ না এগিয়ে গেলে, দেশ এগিয়ে যাবে না। তাই তিনি সমাজের গুণীজনদের প্রাপ্য সম্মান ও তাদের প্রতি আন্তরিক হওয়ার আহব্বান জানান।
তিনি আরো বলেন, বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ মানুষের দু:খ মুক্তির জন্য সাধনা করেছিলেন এবং তিনি তাঁর নবলব্দ জ্ঞানকে জীব ও জগতের কল্যাণে নিবেদন করেছিলেন। তাই আজ বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে গৌতম বুদ্ধের অমিয় বাণী চর্চা একান্ত অপরিহার্য।
তিনি বলেন, যারা ধর্মকে অপব্যবহার করে মানুষের মধ্যে হানাহানি ও বিরোধ তৈরি করে, সমাজে নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তারা ধর্মের সঠিক চর্চাকারী নয়। ধর্মের প্রকৃত দর্শন ও মানবিক চর্চা করা আমাদের সকলেরই উচিৎ। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সকলেকে তিনি স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহবান জানান।
অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা ধর্মীয় দেশনা প্রদান করেন। পরে গুনীজনদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেয়া হয়।
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাঙ্গামাটি অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় মহাসচিব বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় সহ-সভাপতি লায়ন মৃদুল কান্তি চৌধুরী, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাবেক সভাপতি নেত্রসেন বড়ুয়া, সহ-সভাপতি ভদন্ত স্বরুপানন্দ ভিক্ষু, মুখ্য আলোচক ও সহ-সভাপতি প্রফেসর ডা. উত্তম কুমার বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ভারপ্রাপ্ত মহাসচিব প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথেরসহ কেন্দ্রীয় ও রাঙ্গামাটি জেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




