বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের পৃথক অভিযানে ৪টি রাইচমিলে জরিমানা ও অবৈধভাবে উত্তোলিত ৭৬ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। গত ০৫ জুলাই বুধবার এ অভিযান পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহজাহান।
ওই দিন দুুপরবেলায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এলাকার ৪টি অটো রাইচমিলকে। পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে উক্ত ৪ অটো রাইচমিলে জরিমানা করা হয় বলে জানা গেছে। তন্মধ্যে রয়েছে পদুয়া বাহাদুর অটো রাইচমিল, আল-মক্কা অটো রাইচ মিল, আল-ছাফা অটো রাইচ মিল ও শাহজালাল অটো রাইচমিল। প্রতিটি রাইচমিলে জরিমানা করা হয় ৫ হাজার টাকা করে।
অপরদিকে একই দিন বিকেল বেলায় উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ৭৬ হাজার ঘনফুট বালু। এ সময় নিষ্ক্রীয় করা হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মেশিন ও পাইপ। বালু জব্দ করা হয় এম.চর হাট এলাকার জিনমহুরী পাড়ায়, ঘোড়ারচর ও গৌড়স্থান নয়াপাড়ায়।
জানা গেছে, এলাকার বিভিন্ন খাল ও ছড়া হতে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে প্রভাবশালীরা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন পরিদর্শক বাবুল চন্দ্র দাশ ও লোহাগাড়া থানা পুলিশের একটি টিমসহ অন্যান্যরা।




