রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের চুড়াখালী এলাকায় প্রায় ৪০ হাজার মানুষের বসবাস। জনসংখ্যা এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠান বিবেচনায় ২০১৪ সালে জেলা প্রশাসন এলাকাটিকে ৩৯১ নম্বর নতুন মৌজা করার প্রস্তাবনা ভূমি মন্ত্রণালয়ে পাঠায়। কিন্তু বন বিভাগ সংরক্ষিত বনাঞ্চলের অজুহাতে বাদ সাধলে পুরো প্রক্রিয়া থমকে যায়। মৌজা না থাকায় চুড়াখালী যেমন অবহেলিত, তেমনি ভূমির অধিকার না থাকায় বিপুলসংখ্যক মানুষ নিজভূমে পরবাসী হয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য চট্টগ্রামের অস্থিতিশীল পরিস্থিতিতে ১৯৮০ ও ১৯৮১ সালে বিভিন্ন স্থান থেকে উদ্ধাস্তু হয়ে চুড়াখালীতে অনেকে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরই মধ্যে প্রায় ২ হাজার একর নিয়ে গঠিত বাঘাইছড়ি উপজেলার ৩০ নম্বর সারোয়াতলী ইউনিয়নের প্রস্তাবিত চুড়াখালী মৌজায় চারটি সরকারি ও তিনটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সাতটি বৌদ্ধ মন্দির, একটি কমিউনিটি ক্লিনিক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পের ১২টি পাড়াকে কেন্দ্র গড়ে উঠেছে। বাসিন্দাদের জীবিকার উৎস ফলমূলের বাগান ও জমি চাষাবাদ।
স্থানীয় মহিলা কারবারি (গ্রামপ্রধান) নয়ন তারা চাকমা, সাবেক ওয়ার্ড মেম্বার বাবুল চাকমা ও মাইল্যা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চাকমা জানান, প্রায় চার দশক তাঁরা চুড়াখালীতে স্থায়ীভাবে বসবাস করছেন। হঠাৎ করেই বন বিভাগ এলাকাটিকে সংরক্ষিত বনাঞ্চল দাবি করেছে। সংরক্ষিত বনাঞ্চল হলে ১৯৬৩ সালে যে বন সৃজন করা হয়েছিল, এখন সেখানে বড় বড় গাছগাছালি, বন্যপ্রাণীসহ গভীর অরণ্য থাকার কথা। কিন্তু এখানে এমন বনের অস্তিত্বই নেই। বন বিভাগের কারণে মৌজা ঘোষণা হচ্ছে না। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তাঁরা।
প্রস্তাবিত নতুন মৌজার হেডম্যান কিরণ বিকাশ চাকমা বলেন, ‘সরেজমিন তদন্ত করে ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠায় জেলা প্রশাসন। কিন্তু বন বিভাগের আপত্তিতে এটি ঝুলে গেছে। আমরা দ্রুত সরকারের কাছে চুড়াখালী মৌজা ঘোষণার দাবি জানাচ্ছি।’
সারোয়াতলী ইউপি চেয়ারম্যান ভূপতি রঞ্জন চাকমা অতুল জানান, চুড়াখালী তাঁর ইউনিয়নে হলেও মৌজা না থাকায় সরকারি উন্নয়নমূলক কাজ করতে পারছেন না। এমনকি প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণও করতে পারছেন না তিনি।
২০১৪ সালে চুড়াখালীকে নতুন মৌজা করার জন্য প্রথম ভূমি মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠান তৎকালীন রাঙামাটির জেলা প্রশাসক মোস্তফা কামাল। তিনি চিঠিতে এলাকার উন্নয়ন, জনকল্যাণ ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে মৌজার প্রয়োজন উল্লেখ করেন। তবে তৎকালীন পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা ছানাউল্ল্যা পাটওয়ারী ভূমি মন্ত্রণালয়ে পাল্টা চিঠি লিখে চুড়াখালীকে গেজেট নোটিফিকেশনভুক্ত উল্লেখ করে মৌজা ঘোষণার বিরোধিতা করেন। এতে তিনি আরও উল্লেখ করেন, ১৯৬৩ সালে সেগুন বাগান করা হলেও ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর বিভিন্ন স্থান থেকে মানুষ এসে অস্থায়ীভাবে ঘর নির্মাণের সময় গাছ কেটে ফেলেন। পরে জুম চাষের মাধ্যমে বনাঞ্চলের ব্যাপক ক্ষতি করা হয়। এখন মৌজা ঘোষণা হলে সংরক্ষিত বনাঞ্চল ও বন্যপ্রাণীর অভয়ারণ্য হুমকিতে পড়বে।
এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বর্তমান বিভাগীয় কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, ‘মানুষের বেঁচে থাকার স্বার্থেই সরকার বনাঞ্চল প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বনাঞ্চলের জায়গা কোনো এজেন্সিকে দেওয়া সম্ভব নয়। তবে সরকার সিদ্ধান্ত দিলে, সেটি ভিন্ন বিষয়।’
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, চুড়াখালী এলাকাকে নতুন মৌজা করার প্রস্তাবনা ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি।




