কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীটির রাস্তাঘাট ও পয়ঃনিষ্কাশন নালার অবস্থা নাজুক। সামান্য বৃষ্টিতেই এখানকার সড়কগুলো পানিতে তলিয়ে যায়। শিল্পপ্রতিষ্ঠানগুলোতেও ঢুকে পড়ে পানি। দীর্ঘদিন ধরে এমন ভয়াবহ দুর্ভোগ পোহাচ্ছেন কারখানার মালিক, কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এসব সমাধানে কাজ চলছে।
মেট্রিক্স ফুডের ব্যবস্থাপনা পরিচালক মো. আলী আকবর বলেন, রাস্তাঘাটের সমস্যার কারণে বিসিকে শিল্পকারখানা করতে উদ্যোক্তারা আগ্রহ হারিয়ে ফেলেছেন। এ ছাড়া ড্রেনেজ সমস্যার বিষয়ে সিটি করপোরেশনকে জানিয়েছেন। তাঁরা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
জানা গেছে, ১৯৬০ সালে নগরীর অশোকতলা এলাকার ৫৪ দশমিক ৩৫ একর জায়গায় গড়ে ওঠে ‘কুমিল্লা বিসিক শিল্পনগরী’। এখানে ১৪২টি শিল্প প্লট রয়েছে। এর মধ্যে আটা, অটো রাইস, মুড়ি, ময়দা, বিস্কুট, মিষ্টি, চানাচুর, সরিষা, ওষুধ, জাল, কেবল, সুতা, অ্যালুমিনিয়ামের পাতিল তৈরিসহ বিভিন্ন পণ্যসামগ্রী উৎপাদনের ১৩১টি কারখানা আছে। এসব কারখানায় প্রায় ৭ হাজার শ্রমিক কর্মরত।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুমিল্লা বিসিক শিল্পনগরীতে বছরে প্রায় ৩৫০ কোটি টাকার পণ্য উৎপাদিত হয়। এখান থেকে সরকারের রাজস্ব আসে প্রায় ১৮ কোটি টাকা।
বিসিকে কারখানা রয়েছে এমন কয়েকটি প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে সম্প্রতি কথা হয় সমকালের। তাঁরা বলেন, এখানে উৎপাদিত পণ্যসামগ্রী প্রতিদিন শত শত পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ডভ্যানে করে কুমিল্লার বিভিন্ন এলাকা ছাড়াও অন্যান্য জেলায় নেওয়া হয়। তবে সড়ক ও ড্রেনেজ সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সামান্য বৃষ্টি হলেই সড়ক পানিতে তলিয়ে যায়। শিল্পকারখানার ভেতরও পানি উঠে যায়। অধিকাংশ পাকা সড়কের পিচের ঢালাই উঠে গেছে। গর্ত ও ড্রেনে ময়লা-আবর্জনা জমে আছে। বর্ষাকালে এ দুর্ভোগ চরমে ওঠে। এসব সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
কুমিল্লা ফ্লাওয়ার মিলসের কর্মকর্তা সৈয়দ গোলাম কাদের বলেন, অধিকাংশ সড়ক এখন চলাচলের অনুপযোগী। হেঁটে চলাও কঠিন। মালপত্র নিতে আসা ট্রাক ও কাভার্ডভ্যানের চালকরা ভোগান্তিতে পড়েন। সড়কের গর্তে বিভিন্ন যানবাহন আটকে যায়। একই রকম অভিযোগ করেন পাবন গ্রুপের চেয়ারম্যান সাফায়েত আলম খান ও ফরিদ গ্রুপের কর্মকর্তা মো. জহিরুল হক। তাঁদের ভাষ্য, পণ্য সরবরাহ ও কাঁচামাল সংগ্রহের জন্য প্রতিনিয়ত ট্রাকসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করতে হয়। কিন্তু সড়কের কারণে খুবই ভোগান্তির শিকার হতে হচ্ছে।
এসব অভিযোগ স্বীকার করেন বিসিক কুমিল্লা শিল্পনগরীর কর্মকর্তা বদিউল আলম। শনিবার দুপুরে তিনি বলেন, এই শিল্পনগরীতে ১০ হাজার ৭৫০ ফুট সড়ক রয়েছে। এর মধ্যে ৫ হাজার ফুট সড়ক ভাঙাচোরা। ২১ হাজার ৫০০ ফুট ড্রেনের মধ্যে ১০ হাজার ফুট খারাপ অবস্থায়। তিনি আরও বলেন, একনেক থেকে প্রায় সাত কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এর মাধ্যমে পুরোনো ভবন ভাঙা, সড়ক মেরামত ও ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। ড্রেনের কাজ শেষ হলেও বৃষ্টির কারণে এখনই রাস্তার কাজ করা যাচ্ছে না।
বিসিক কুমিল্লার উপমহাব্যবস্থাপক মো. মুনতাসীর মামুন দাবি করেন, বিসিকের অঞ্চলটি নিচু। যে কারণে নগরের বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির পানি এখানে ঢোকে। অবকাঠামোর উন্নয়নসহ অন্যান্য সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়া হয়েছে।




