নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত থেকে ১ লাখ,১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। গতকাল মঙ্গলবার (২৭ জুন) রাতে পালংখালী বিওপির একটি আভিযানিক টহলদল টেকনাফের হোয়াইক্যং ইউপির উলুবুনিয়া মনিরের ঘের এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় এ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক দি ক্রাইমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দিকনির্দেশনায় পালংখালী বিওপির একটি আভিযানিক টহলদল টেকনাফের হোয়াইক্যং ইউপির উলুবুনিয়া মনিরের ঘের নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।রাতে বিজিবি টহলদল কতিপয় ইয়াবা পাচারকারীকে সীমান্ত হতে পায়ে হেটে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
বিজিবি টহলদল ঘটনাস্থল হতে মাদক কারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১লাখ,১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।



