বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ২টি অস্ত্রসহ আটক হয়েছে পাহাড়ী ১ সন্ত্রাসী। লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দূর্গম পাহাড়ী এলাকার সেগুন বাগানে এ অভিযান পরিচালনা করা হয় গত ২২ মে বিকেল ৫টার দিকে। আটক সন্ত্রাসী চন্দ্র চাকমা (৩৫) পার্বত্য বান্দরবানের টংকাবতী এলাকার পুর্নবাসন চাকমাপাড়ার সুনীল চাকমার পুত্র। এ অভিযানে পাওয়া গেছে দেশীয় তৈরি ২টি ১নলা বন্দুক ও স্থানীয়ভাবে তৈরি গোলাকৃত ৩টি গুলি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড়ী ২ সন্ত্রাসী পুলিশের দিকে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে তরুন চাকমা (৩৫) নামে ১ সন্ত্রাসী ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়।
থানার অফিসার ইনচার্জ আরো জানান, ঘটনাস্থলে চাষাবাদের নামে পাহাড়ী সন্ত্রাসীরা গাছের মগডালে ১টি টং তৈরি করে বেশ কিছুদিন পূর্বে। সেখানে যাতায়াত ছিল পাহাড়ী সন্ত্রাসীদের। এ ব্যাপারে লোহাগাড়া থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




