পেকুয়া প্রতিনিধি: পেকুয়া ভুমি অফিসের সেই কর্মচারী তপনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন এসিল্যান্ড। গত ২ দিন ধরে পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পেকুয়া উপজেলা ভুমি অফিসের প্রধান সহকারী তপন কান্তি পাল কর্তৃক ২লাখ টাকা ঘুষ দাবি করায় তার শাস্তির দাবিতে কাপনের কাপড় পরে অবস্থান ধর্মঘট পালন করছিলেন কৃষক মুবিনুল হক।
গত দুদিন কৃষক মুবিনুল হকের ধর্মঘটের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সর্বত্রে সমালোচনাসহ চরম ক্ষোভের সৃষ্টি হয়।
এরই মধ্যে আজ শুক্রবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেকুয়ার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জাহিদুল ইসলাম পেকুয়া শহীদ মিনারে উপস্থিত হয়ে কাপনের কাপড় পরে ধর্মঘট পালনরত কৃষক মুবিনুল হকের সাথে সাক্ষাত করতে যান।
এসময় এসিল্যান্ড তাঁর কার্যালয়ের কর্মচারী তপন কান্তি পালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে কৃষক মুবিনুল হক ধর্মঘট প্রত্যাহার করে রাত আটটার দিকে বাড়িতে ফিরে যান।




