রংপুর প্রতিনিধি: শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দেশের উন্নয়নে মূল ভূমিকা রাখছে শ্রমজীবী মানুষ। তাই তাদের কর্মক্ষেত্রে মনোরম পরিবেশ, আবাসন, চিকিৎসা, উপর্যুক্ত মজুরী, যাতায়াত ও স্বল্পমূল্যে/বিনামূল্যে খাবারের ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের আইডি কার্ডসহ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ সোমবার (০১ মে)সকালে রংপুর টাউন হলে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপত্বিতে ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি র্স্মাট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্য নিয়ে মহান মে দিবস-২০২৩ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান এসব কথা বলেন।
তিনি বলেন, এ সরকার কৃষি ও কৃষকবান্ধব তাই কৃষির উন্নতির লক্ষ্যে সার, কীটনাশক, বীজ ইত্যাদির উপর ভর্তুকি দিচ্ছে। কৃষকরা যাতে ফসলের মৌসুমে ন্যায্য মূল্য পায় এজন্য সরকার খাদ্যশস্য ক্রয় করে ও খাদ্যের দাম বৃদ্ধি পেলে কেজি প্রতি ১০ টাকা বা বিনামূল্যে দরিদ্র মানুষের কাছে বিতরণ করে। সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, প্রতিবন্ধী, বিধবা, গর্ভকালীন ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে ৫৭ প্রকার ভাতা চালু রেখেছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্পদের প্রয়োজন। আমাদের সম্পদ সীমিত তাই উত্তম পরিকল্পনার মাধ্যমে জনগণের জন্য বেশি প্রয়োজনীয় ও সরাসরি জনগণের জীবন মানকে প্রভাবিত করবে এমন বিষয় নির্ধারণ করতে হবে। জনগণকে সাথে নিয়ে গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করে স্বল্প সম্পদে ও কম সময়ে জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হবে।
তিনি আরও বলেন, এদেশে প্রায় সাড়ে সাত হাজার গার্মেন্টস ফ্যাক্টরী রয়েছে। এতে প্রায় সাত লক্ষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। বাংলাদেশ গার্মেন্টস পণ্য রপ্তানীতে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এখাত থেকে বছরে আয় হয় প্রায় বিশ মিলিয়ন মার্কিন ডলার। এদেশের এক কোটি দশ লক্ষ লোক বিশ্বের ১২৭ টি দেশে কাজ করেন। তাদের পাঠানো রেমিট্যান্স এদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এর পূর্বে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) মোঃ আবু জাফর বেলুন উড়িয়ে দিবসটির উদ্ভোধন করেন এবং সকল শ্রেণির মানুষের অংশগ্রহণে একই স্থান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে টাউন হলে গিয়ে সমাপ্ত হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি রংপুর রেঞ্জের অতিরিক্ত পুলিশ কমিশনার এ এফ এম আনজুমান কালাম বিপিএম(বার), রংপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) মোঃ সায়ফুজ্জামান ফারুকী , মালিক পক্ষের প্রতিনিধি রংপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মোঃ শাহাজাহান বাবু, শ্রমিক পক্ষের প্রতিনিধি রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এম এ মজিদ প্রমুখ বক্তব্য রাখেন।




