সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: সাতকানিয়ায় সন্ত্রাসীদের গুলিতে ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দ্য ইভনিং নিউজের চট্টগ্রামের ব্যুরো প্রধান কামরুল ইসলাম ও শিশু আবদুল্লাহ রাফি গুলিবিদ্ধের ঘটনায় দায়েরকৃত মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছেন চট্টগ্রাম জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি)।
ঘটনার তিন দিন পর গত বুধবার সন্ধ্যার দিকে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জেলা ডিবির পুলিশ পরিদর্শক (ওসি) নুর আহম্মেদ জানিয়েছেন। পরে আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাদের দেখানো মতে দুটি দেশীয় তৈরী বন্দুক (এলজি) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার আবুল কাশেমের ছেলে ও এ মামলার প্রধান আসামি আরিফুল ইসলাম মানিক ওরফে টোকাই মানিক (৩৫),একই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে আবদুর রহিম ওরফে ডালিম (৩৫) ও আবদুর শুক্কুরের ছেলে মো.মিজান (৩০)।
এ ব্যাপারে জেলা ডিবির পুলিশ পরিদর্শক (ওসি) নুর আহম্মেদ জানান, গত বুধবার সন্ধ্যার দিকে খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের রাতেই আসামি ডালিম ও মিজানের দেখানো ও তাদের হেফাজতে থাকা অবস্থা থেকে এওচিয়ার পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকা থেকে দুইটি দেশীয় তৈরী বন্দুক (এলজি) উদ্ধার করা হয়। তবে, মানিকের কাছ থেকে কোন অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি।
ও সি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মানিকের বিরুদ্ধে আটটি, ডালিমের বিরুদ্ধে ১০টি ও মিজানের বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করে আদালতে গতকাল (বৃহস্পতিবার) সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ছাড়া অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত রোববার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম গাটিয়াডেঙ্গা উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি চায়ের দোকানে বসে কোমল পানীয় পান করে গল্প করছিল একই এলাকার মৃত এম এ হাসেমের ছেলে এবং ঢাকা থেকে প্রকাশিত দৈনিক দ্য ইভনিং নিউজ এর চট্টগ্রামের ব্যুরো প্রধান সাংবাদিক এস এম কামরুল ইসলাম। এ সময় অস্ত্রেসজ্জিত একদল সন্ত্রাসী এসে কামরুলকে লক্ষ্য করে গুলি চালালে প্রথমে গুলি লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে বুকে ঠেকিয়ে গুলি করতে চাইলে কামরুল হাত দিয়ে অস্ত্রে আঘাত করলে গুলিগুলো তাঁর বাম উরু ও ডান পায়ে লাগে।এ সময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালালে দাদার দোকানে চকলেট কিনতে যাওয়া পাঁচ বছর বয়সী শিশু আবদুল্লাহ রাফিও গুলিবিদ্ধ হয়। ওই দিন শিশু রাফিকে প্রথমে উপজেলার কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রাফি হাসপাতালের ৮৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন। সাংবাদিক কামরুলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। তিনিও বর্তমানে একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
এদিকে,ঘটনার পরদিন চমেক হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ সাংবাদিক কামরুল ইসলাম সোমবার রাতে তাঁর স্ত্রী মারফত এজাহার কপি পাঠিয়ে সাতকানিয়া থানায় একটি হত্যা চেষ্টার মামলা করেন। এতে গ্রেপ্তারকৃত প্রধান আসামি আরিফুল ইসলাম ওরফে টোকাই মানিকসহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করা হয়েছে।
জানা যায়, সাংবাদিক কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক দ্য ইভনিং নিউজ পত্রিকার চট্টগ্রামের ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। বিভিন্ন সময় এলাকার মাটিকাটা, বালু উত্তোলন ও মাদকের বিরুদ্ধে লেখালেখি করার কারণে একটি মহল তার বিরুদ্ধে আগে থেকে বিক্ষুব্ধ ছিল। সর্বশেষ ঈদ ছুটিতে বাড়ি আসলে চিহ্নিত ওই চক্র তার (কামরুল) উপর হামলা চালায়।



