নুরুল ইসলাম : সংসদ সদস্য অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী লোহাগাড়ায় যেসব রাস্তা-উপরাস্তার নির্মাণ কাজ চলছে, তা দ্রুত সম্পন্ন করার তাগিদ দিয়েছেন। শুধু তা নয়, যেসব উন্নয়নমূলক কাজ এখনো শুরু হয়নি তাও দ্রুত আরম্ভ করতে হবে। এ ব্যাপারে কোনরকম অবহেলা ও উদাসীনতা মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। এলাকার উন্নয়ন কর্মকান্ডে দলীয় নেতাকর্মীদের সাথে সমন্বয় করে কাজ করারও আহ্বান জানান তিনি। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বেলা ৩টায় লোহাগাড়া উপজেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন সাংসদ সদস্য।
তিনি আরো বলেন, লোহাগাড়ায় কোনোভাবেই অবৈধভাবে মাটিকাটা, বালি উত্তোলণ ও সরকারি বনাঞ্চলের গাছ কাটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।
লোহাগাড়া উপজেলা সমন্বয় কমিটির সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ উল্যাহ্।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এম. ইব্রাহীম কবির, সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকতার আহমদ সিকদার, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাংবাদিক প্রতিনিধিসহ কমিটির সংশ্লিষ্ট সদস্য-সদস্যাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা যেসব ভাতা দেশের মানুষকে দিয়েছেন তা জনগণের কাছে তুলে ধরতে হবে। উন্নয়নমূলক কর্মকান্ডের ব্যাপক প্রচারের জন্য পরামর্শ দেন তিনি। এ ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।




