নিউজ ডেস্ক: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ, রোজা ও বিভিন্ন ধর্মীয় উৎসব উদযাপন করে আসছেন চট্টগ্রামের সাতকানিয়ার মির্জারখীল দরবার শরীফের অনুসারীরা। এরই ধারাবাহিকতায় দরবারের অনুসারী ৬০ গ্রামে আজ শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
জানা গেছে, সাতকানিয়ার মির্জারখীল, এওচিয়ার গাটিয়া ডেঙ্গা, মাদার্শা, খাগরিয়ার মৈশামুড়া, পুরানগড়, চরতির সুইপুরা, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, আনোয়ারার বরুমছড়াসহ তৈলারদ্বীপের ৬০ গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার রাতে তারাবির নামাজ আদায় করেননি।
লক্ষ্মীপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুর জেলার ১০ গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, বারো ঘরিয়া, হোটাটিয়া, শারসোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা গ্রামসহ ১০ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছে।
চাঁদপুর
চাঁদপুরের প্রায় অর্ধ শতাধিক গ্রামে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে।
স্থানীয়রা জানান, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর, ও সুরঙ্গচাইল গ্রাম। ফরিদগঞ্জ উপজেলার – কামতা, ভূলাচোঁ, সোনাচোঁ, উভারামপুর, উটতলী, বাচপাড়, টোরামুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, আইটপাড়া, সুরঙ্গচাইল, কাইতপাড়া, নূরপুর, সাচনমেঘ, হাঁসা ও গোবিন্দপুর এবং মতলব উত্তর উপজেলার পাঁচানী, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, দেওয়ানকান্দি, লতুর্দী, সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গার আংশিক, আমিয়াপুর গ্রামের একাংশ, মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, গাজীপুর গ্রামের একাংশ, মধ্য এখলাছপুর (বড়ইকান্দি) গ্রামের একাংশ, ফরাজীকান্দি, রামদাশপুর, চরমাছুয়া, হাজিপুর, দক্ষিণ রামপুর, সরকারপাড়া ও ঠাকুরপাড়ায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করবেন গ্রামবাসীরা।
দিনাজপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দিনাজপুরের বেশ কয়েটি গ্রামে আজ অনুষ্ঠিত হচ্ছে ঈদুল ফিতরের জামাত।
জেলার ১৩টি উপজেলায় প্রায় ৪৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দিনাজপুর শহর, চিরিরবন্দর, বিরল, কাহারোল, বিরামপুর উপজেলাসহ বেশ কিছু এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
সকাল ৭টা ৪৫ মিনিটে দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও শহরের নিউটাউন, ফুলতলা, কাচারির পেছনে ইসলামবাগ, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া, বিরামপুর উপজেলার দুইটি গ্রামে, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া গ্রাম, বিরল উপজেলার কামদেবপুর ও কাজিপাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নোয়াখালী
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ নোয়াখালীর বেগমগঞ্জ ও সদর উপজেলার চার গ্রামে ঈদুল ফিতর পালিত হচ্ছে।
ভোলা
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলা সদর উপজেলার ইলিশা ও রতনপুর গ্রাম; বোরহানউদ্দিন উপজেলার টবগী ও মুলাইপত্তন গ্রাম; তজুমদ্দিন উপজেলার শিবপুর, খাসেরহাট, চাঁদপুর ও চাঁচড়া গ্রাম; লালমোহন উপজেলার পৌর শহর ও ফরাজগঞ্জ গ্রাম এবং চরফ্যাশন উপজেলার পৌর শহর, দুলারহাট, ঢালচর ও চর পাতিলা মোট ১৪টি গ্রামে পালিত হবে ঈদুল ফিতর।
লালমনিরহাট
লালমনিরহাটের কয়েকটি স্থানে ঈদুল ফিতর পালিত হচ্ছে। শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের হারিশহর গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর,আমিনগঞ্জ ও মুন্সীপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা নামাজ আদায় করেবেন। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে রোজা ও ঈদ করেন এসব গ্রামের মুসল্লিরা।
পিরোজপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল ফিতর উদযাপন করছেন পিরোজপুরের ৮ গ্রামের ৭ শতাধিক পরিবার। শুক্রবার (২১ এপ্রিল) জেলার মঠবাড়িয়া উপজেলার ৬ গ্রাম, কাউখালী উপজেলার ১টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রামের ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
জানা গেছে, জেলার মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবুনিয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া গ্রামের প্রায় ৬ শতাধিক পরিবার, কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের ৪০ পরিবার, নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৬০ পরিবার ঈদ উদযাপন করছেন।
ফরিদপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই আজ ঈদুল ফিতর উদযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩ গ্রামের তিন সহস্রাধিক মানুষ।
জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, মাইটকোমড়া, ভুলবাড়িয়া, রাখালতলী, বারাংকুলা, দড়ি সহস্রাইল এবং আলফাডাঙ্গা উপজেলার ইছাপাশা ও শুকুরহাটাসহ ১৩টি গ্রামের প্রায় কয়েক হাজার মানুষ এতে অংশ নেবেন।
ময়মনসিংহ
সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২১ এপ্রিল) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে নুরমহল দরবার শরীফের পীর ও মোর্শেদ সৈয়দ শাহ নূরে আফতাব পারভেজ নূরী আল সুরেশ্বরী বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সকাল সাড়ে ৯টায় সুরেশ্বর দরবার শরীফে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি।
শেরপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে শেরপুরের নয়টি গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর। শুক্রবার সকাল আটটা থেকে নয়টার মধ্যে পৃথক স্থানে মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।
শেরপুর সদরের উত্তর ও দক্ষিণ চরখারচর, মুন্সীরচর, বামনারচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার বানেশ্বর্দীসহ ৯টি স্থানে পৃথকভাবে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
প্রত্যেকটি জামাতে দেড় থেকে দুই শতাধিক মুসল্লি অংশ নেন। ঈদের নামাজের বড় জামাত দুটি অনুষ্ঠিত হয় সকাল আটটায় বনগাঁও ও নন্নী মধ্যপাড়ায়।
নকলা উপজেলার মুসুল্লি রাজ্জাক মিয়া বলেন, আজ এটা নতুন নয়, এটা খুবই স্বাভাবিক বিষয়। আমরা সৌদির সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ করি। নামাজ আদায় শেষে আমরা যার যার মতো ঘুরাফেরা করি, আত্মীয় ও বন্ধুদের বাড়িতে যাই, তারাও আসে আমাদের বাড়িতে।
পটুয়াখালী
সৌদি আরবের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২৭টি গ্রামের প্রায় ৩০ হাজার মুসলমান আজ ঈদ উদযাপন করছেন।
পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরিবুনিয়া, নিজ হাওলা ও কানকুনি পাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, চন্দ্রপাড়া, দ্বি-পাশা, কনকদিয়া সাবুপুরা, বামনিকাঠী, বানাজোড়া ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার দক্ষিণ দেবপুর, পাটুয়া, মরিচবুনিয়া, নাইয়া পট্টি, নিশানবাড়িয়া, শাফাখালী, তেগাছিয়া, ছোনখোলা ও বাদুরতলী গ্রামের এসব মানুষ ঈদুল ফিতর উদযাপন করছেন।
শুক্রবার সকাল ৯টায় পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর দরবার শরিফে ঈদের নামাজের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।
বদরপুর দরবার শরীফের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আবদুল গনি জানান, বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে সংগতি রেখে ৮৩ বছর থেকে বদরপুর দরবার শরীফের পীর মাওলানা মো. গনি ও চট্টগ্রামের সাতকানিয়ার পীর মাওলানা মো. মোখলেসুর রহমানের অনুসারীরা বিশ্বের অন্যান্য স্থানের সঙ্গে চাঁদ দেখা সাপেক্ষে এভাবে রোজা ও ঈদ পালন করে আসছে।
জামালপুর
সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ১৫টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৮টায় পৌরসভার বলারদিয়া এলাকায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন হাজী আজিম উদ্দিন মাস্টার। এ ছাড়া মহাদান, পঞ্চপীর, বালিপাড়া, পাখাডুবি, হোসনাবাদ, বনগ্রাম, বাউসিসহ আরও ১৫টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এসব গ্রামের লোকজন সৌদি আরবের সঙ্গে মিল রেখেই ঈদ উদযাপন করছেন।





