চকরিয়া অফিস : চকরিয়া পৌরসভার ৯নং ওয়ার্ডে ভরামুহুরী এলাকায় মৃত আক্তার আহমদকে জীবিত সাজিয়ে একটি প্রতারক চক্র জমি রেজিষ্ট্রি নেওয়ার অভিযোগ উঠেছে। প্রতারক চক্রটি চকরিয়া সাব-রেজিস্টার অফিসে তৎপরতা চালানোর কারণে জমির মালিক মৃত আক্তার আহমদের পুত্র সাহাব উদ্দিন ও তার স্বজনরা অসহায় হয়ে পড়েছেন।
মৃত আক্তার আহমদের পুত্র সাহাবউদ্দিন দি ক্রাইমকে জানান, তার পিতা মৃত আক্তার আহমদের নামীয় ভরামুহুরী মৌজায় ২০১৩ সালে দলিল নং ১২০৭ মুলে ১১ শতক জমি স্থানীয় কিছু ব্যক্তিকে আমোক্তারনামা সম্পাদন করেন। তার পিতা আক্তার আহমদ করোনাকালে মৃত্যুবরণ করেন। তার পিতা মারা যাওয়ায় নিয়ম অনুযায়ী আমোক্তারনামা বাতিল হয়ে যায়। কিন্তু প্রতারক চক্রটি তার পিতাকে জীবিত দেখিয়ে প্রতারণামুলকভাবে জমি রেজিষ্ট্রি নেওয়ার পাঁয়তারা করছেন। বিষয়টি অবগত হওয়ার পর চকরিয়া সাব-রেজিস্টার অফিসে অভিযোগ দাখিল করি। আমি এব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।



