খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার পৃথকভাবে পানছড়ি উপজেলাতে বিজুর বর্ণিল শোভাযাত্রা এবং দীঘিনালা উপজেলায় বৈসাবির উদ্বোধন করা হয়েছে। অধিকাংশ পাড়ায় পাড়ায় বইছে উৎসবের আমেজ। আনন্দে মেতে উঠেছে আবাল-বৃদ্ধ ও বনিতারা। বৈসাবিনের আনন্দ উপভোগে এরই মাঝে আপনালয়ে ফিরছে শহরে পড়ুয়া শিক্ষার্থী ও চাকুরিজীবীরা।
আজ রোববার(০৯ এপ্রিল) থেকে বিজুর আনন্দে জেগে উঠেছে উপজেলার কিনাচান পাড়াবাসী। দিনের শুরুতেই স্বপ্নসিঁড়ি ক্লাব, রেগা সমিতি ও কিনাচান পাড়াবাসীর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। “ঐতিহ্য ও সংস্কৃতি হোক সম্প্রীতির বন্ধন” এই প্রতিপাদ্য ব্যানারে র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় ডাক আর ঢোলের ধ্বনিতে পুরো এলাকা ছিল মুখরিত। এ উপলক্ষে তিন দিনব্যাপী চলবে বিজু মেলা। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশন হবে বিজু গানের পাশাপাশি নৃত্য। অনুষ্ঠানের চমক লাগাতে বানানো হয়েছে দৃষ্টিনন্দন একটি মঞ্চ। মঞ্চের পাশে হোটেল রং ঢংয়ে মিলবে মজাদার খাবার।
উদযাপন কমিটির সদস্য সচিব শুভ্র জ্যোতি চাকমা জানান, স্বপ্নসিঁড়ি ক্লাব ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আয়োজন এবার জমে উঠেছে। এরই মাঝে ঐতিহ্যবাহী খেলাধুলাও অনুষ্ঠিত হয়েছে। সকল সম্প্রদায়ের প্রতি তিনি বিজুর শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান উৎসব বিঝু, বৈসুক ও সাংগ্রাই উৎসব উদ্বোধন করা হয়েছে। গত শনিবার(৮ই এপ্রিল) বিকেলে দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম ভারত প্রথ্যাগত শরণার্থী বিষয়ক টাস্কর্ফোসে’র চেয়ারম্যান(প্রতিমন্ত্রী সমমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
৫দিন ব্যাপী অনুষ্ঠানে ২নং বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট আশুতোষ চাকমা, শতরূপা চাকমা এবং বিঝু উদযাপন কমিটির সদস্য সচিব আনন্দ মোহন চাকমা প্রমুখ।
অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথি ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।




