বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে এক নারীসহ ২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।
বাগেরহাট-মাওয়া মহাসড়কে মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত ২০ যাত্রীকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, নিহত ও আহত যাত্রীদের পরিচয় জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা বাগেরহাটের শরণখোলাগামী দূরপাল্লার ক্ল্যাসিক মেঘনা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-৮৩২৬) বাসটি সকাল ১০টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কে ফকিরহাট উপজেলার পালেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী গাছে সজোরে ধাক্কা খায়। এসময়ে ঘটনাস্থলে ২ জন নিহত ও ২০ জন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করেন। নিহত ২ জনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।’
মনোয়ার হোসেন আরও বলেন, ‘আহত ২০ জনকে ফকিরহাট হাসপাতালে নিয়ে আসার পর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত দূরপাল্লার ক্ল্যাসিক মেঘনা পরিবহনের চালক পালিয়ে গেছে।’




