চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। মেলায় ২৫টি স্টলে রয়েছে বিভিন্ন ফুল, ফল ও ঔষধিসহ বট প্রজাতির গাছ।
সোমবার (২৫ জুলাই) বেলা ১১ টায় কালেক্টরেট চত্বরে এ মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল। মেলাটি চলবে আগামি ৩১ জুলাই পর্যন্ত।
মেলায় ঘুরতে আশা দর্শনার্থীদের নজর কেড়েছে বনসাই। মেলায় অংশ নেওয়া ১৩ নম্বর স্টলটি নিয়েছেন আব্দুস সবুর সুজন। তিনি একজন প্রকৃত বৃক্ষপ্রেমি। ১০ বছর আগে ছাদ বাগানে শখের বসে গাছ রোপণ করেছিলেন তিনি। সেই শখ থেকে আজ তিনি বনসাই আর্টের মালিক। সুজন এবারই প্রথমবারের মতো বৃক্ষমেলায় অংশ নিয়েছেন।
তিনি বৃক্ষমেলায় ৩০টি বট প্রজাতির বনসাইসহ ফুলের গাছ এনেছেন। তারমধ্যে অ্যাডোনিয়াম ১৫টি আর বাকিগুলো অন্যান্য ফুলের গাছ।
সুজন বলেন, ১১ বছরের অ্যাডোনিয়ামের বনসাই’র দাম ১ লাখ টাকা। আর ১৭ বছরের পাকুড়ের বনসাই’র দাম ৫০ হাজার টাকা।’
মেলা উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খান, রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা আহম্মদ নিয়ামুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান ও জেলার বন বিভাগের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম।
এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। মেলার অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫০ জনের মাঝে চারা বিতরণ করেছে বন বিভাগ।




