আনোয়ারা প্রতিনিধি: দীর্ঘ ১৮ বছর পর আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন সামনে রেখে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। সভাপতি ও সাম্পাদক পদে কারা আসছে তা নিয়ে সরব আালোচনা চলছে। নেতাকর্মীরা একে অপরের সাথে দেখা হলে এই নিয়ে রীতিমতো আড্ডা বসাচ্ছেন।সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে চাঙ্গাভাব সৃষ্টি হয়েছে। তবে তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীরা হতাশাগ্রস্থ হলেও আাশা ছাড়েনি। এবার কমিটিতে তৃণমূল ও ত্যাগী নেতাকর্মীরা স্থান পাবে বলে অনেকে আশা করছেন।
আগামী ২৯শে জুলাই আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে সফল করতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। ইতিমধ্যে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মন্নান চৌধুরী সাধারণ সম্পাদক এম এ মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয় এস এম আলমগীর চৌধুরী, সদস্য হলেন ভিপি জাফর উদ্দিন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী বাবুল, মৃনাল কান্তি ধর ও জানে আলম চেয়ারম্যান। সম্মেলন সফলে বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। আপ্যায়ন, প্রচার ও প্রকাশনা, শৃঙ্খলা, সাজসজ্জা ও সাংস্কৃতিক।
এসব উপ কমিটিতে উপজেলার ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলা কমিটির লোকজনকে বিভিন্ন উপকমিটিতে সম্পৃক্ত করা হয়েছে।
উপকমিটিগুলো পৃথক পৃথকভাবে বৈঠক করে সম্মেলন সফল এর কার্যক্রম চালাচ্ছেন। ভূমি মন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম সম্মেলনের স্থান পরিদর্শন করেছেন। এ সময় আওয়ামী লীগের উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া তিনি উপকমিটিগুলো নিয়েও বৈঠক করেছেন। প্রতিটি ইউনিয়নেও বর্ধিত সভা করা হচ্ছে। উপজেলা সম্মেলন জনসমুদ্র পরিণত হবে বলে আশা করছেন উপজেলা নেতৃবৃন্দ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই এই সম্মেলন নির্বাচনী মহড়া হিসেবে অনেকেই ধারণা করছেন। এদিকে নির্বাচনকে সামনে রেখে সতর্কভাবে শক্তিশালী উপজেলা কমিটি গঠন করা হবে বলে নেতারা মন্তব্য করেছেন। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান সভাপতি অধ্যাপক এম এ মন্নান চৌধুরী, সিনিয়র সহ সভাপতি এসএম আলমগীর চৌধুরী, ভিপি জাফর উদ্দিন চৌধুরী।
এছাড়া উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর নামও কর্মীদের মাঝে গুঞ্জন রয়েছে। সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক এম এ মালেক, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ফজলুল করিম চৌধুরী বাবুল, ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, কলিম উদ্দিন, এম এ কাইয়ুাম শাহ, ইয়াছিন হিরো, হাইলধর ইউনিয়নের সভাপতি দিদারুল ইসলাম। অন্যদিকে বর্তমান কমিটি থেকে কারা বাদ পড়ছেন, নতুন কারা কমিটিতে অন্তর্ভুক্ত হতে পারেন তা নিয়ে আনোয়ারার রাজনৈতিক অঙ্গন সরগরম। উপজেলা সম্মেলনে কেন্দ্রীয় ও জেলানেতৃবৃন্দ অতিথির বক্তব্য রাখবেন।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলন আনোয়ারায় এখন টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। সবার নজর এখন সম্মেলনের দিকে। সর্বত্রই আলোচনা মূল বিষয়বস্তু হচ্ছে সম্মেলন। উপজেলা কমিটিতে স্থান পেতে জোর তদবির ও লবিং করছেন নেতাকর্মীরা। পদের জন্য রীতিমত প্রতিযোগিতা শুরু হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মন্নান চৌধুরী বলেন সম্মেলনের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। যথারীতি সম্মেলন অনুষ্ঠিত হবে।




