বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি : বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের আয়োজনে কারিগরি শিক্ষার উন্নয়ন জাতীয় উন্নয়নের পথপ্রদর্শক সেমিনার ও চাকরির মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারী) সকালে ১০ টায় বান্দরবান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সিঙ্গার,ওয়াল্টন, আর এফ এল, সহ মোট ১১ টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে অধ্যক্ষ প্রকৌশলী হোসাইনুজ্জামান চৌধুরী এর সভাপতিত্বে এই কারিগরি শিক্ষার উন্নয়ন জাতীয় উন্নয়নের পথপ্রদর্শক সেমিনার ও চাকরির মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কে ডি এস গ্রুপের এইচ আর হেড সুবীর দাশ, সওজ এর নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, পর্যটন মোটেল এর ইউনিট ব্যবস্থাপক মোহাম্মদ সোয়েব, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিন উদ্দিন, লম্বুনি লিমিটেড এর ব্যবস্থাপনা ও পাবলিক রিলেশন সেলিম উদ্দিন, সহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আর রিনি বলেন, কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন সরকার। বিদেশী শিক্ষায় শিক্ষার্থীদের উপর নির্ভর করে তাদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, কিন্তু আমাদের দেশে এমনটা না হওয়ার কারণে আমাদের দেশ আজ পিছিয়ে পড়ে রয়েছে।
তিনি আরো বলেন, আমাদের দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাইলে কারিগরি শিক্ষা কে গুরুত্ব দিতে হবে। কারিগরি শিক্ষার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা খুব দ্রুত ইনকামের পথ খুঁজে পাই, যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত তারা কিন্তু এই সুযোগটা পায় না। পরিশেষে তিনি জানান আজ এই চাকুরীর মেলায় অংশগ্রহণ করে অনেক বেকার যুবক চাকরিতে অংশগ্রহণ করবেন। এমন উদ্যোগে তিনি স্বাগত জানান।




