চকরিয়া প্রতিনিধি: চকরিয়া থানা প্রাঙ্গণে আজ শনিবার (০৭ মে) সকালে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ তৌফিকুল আলম, চকরিয়া কমিউনিটি পুলিশিং এর সভাপতি এবং সুরাজপুর মানিকপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আজিম উল্লাহ আজিম, কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ লিটু এবং চকরিয়া উপজেলা এবং পৌরসভা কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ।আরো উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, চকরিয়া পৌরসভার কাউন্সিলর বৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কর্মসূচিতে চকরিয়া থানার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। এসময় ফ্লোর উন্মুক্ত করে দেয়া হয়। অংশগ্রহণকারীদের অনেকেই এলাকার মাদক সমস্যা, জুয়া খেলা, মোবাইল ফোনে জুয়া খেলা, গরু চুরি, ইভটিজিং, স্বার্থান্বেষী মহল কর্তৃক মামলা দিয়ে মানুষকে হয়রানি, কিশোর গ্যাং তৎপরতা সহ বিভিন্ন অপরাধের কথা তুলে ধরেন এবং পুলিশ সুপারের কাছে তার প্রতিকার চান।
পুলিশ সুপার, কক্সবাজার দীর্ঘ সময় নিয়ে জনসাধারনের উত্থাপিত সকল সমস্যার কথা শুনেন এবং তার বক্তব্যে বলেন, মাদক অপরাধের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। পুলিশ সুপার তাৎক্ষণিক চকরিয়া থানাধীন সকল বিট অফিসারদের মাদক ব্যবসা, জুয়া খেলা, গরু চুরি ইত্যাদি অপরাধের সাথে জড়িতদের চিহ্নিতপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। থানায় আগত সেবা প্রার্থী, অপরাধের শিকার ব্যক্তি, ভুক্তভোগীদের কথা মনোযোগ সহকারে শ্রবণ এবং তদানুযায়ী নিরবচ্ছিন্নভাবে পুলিশী সেবা প্রদানের জন্য অফিসার ইনচার্জ চকরিয়া থানা কে নির্দেশ প্রদান করেন। একই সঙ্গে থানায় যাতে কোন টাউট, দালাল প্রশ্রয় না পায় সে জন্য অফিসার ইনচার্জ কে কঠোর নির্দেশনা দেন। অফিসার ইনচার্জসহ থানার প্রত্যেক অফিসারকে সাহসিকতা, সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
পুলিশি সেবা মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া এবং তৃণমূল পর্যায়ে অপরাধ দমনে বিট পুলিশিং কর্মকাণ্ডকে আরো বেগবান করার নির্দেশ দেন।
Post Views: 340




