পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ডা. নাবিলা নুসরাত নামের এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ আহত হয়েছেন। নিহত নাবিলা নুসরাত ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে প্যাথলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জনের জন্য অধ্যয়নরত ছিলেন। তার স্বামী ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ঢাকা থেকে স্বামী এবং দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। তারা একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। শনিবার বিকেলে তারা একটি ইজিবাইকে করে মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার পরিদর্শনে যান। সন্ধ্যায় ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়ির যাত্রীরা ছিটকে পড়েন এবং নাবিলা নুসরাতের মাথা ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।
আহত ডা. শুভ জানান, ইজিবাইকের চাকার সামনে হঠাৎ একটি বিড়াল চলে আসায় চালক নিয়ন্ত্রণ হারান। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং তারা আহত হন। ঘটনার পর স্থানীয়রা নাবিলাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কলাপাড়া হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াছ তালুকদার জানান, পুলিশ দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়েছে এবং নিহতের স্বামীর পরিচয় যাচাই করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ০৭: ০৩আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ০৭: ০৫




