উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে বিশেষ প্রশিক্ষণে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন বাংলাদেশ সরকারের ৩৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তা। আগামী রোববার (৮ নভেম্বর) ঢাকা ছাড়ার কথা রয়েছে তাদের। পাকিস্তানের লাহোরে অবস্থিত ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে ৯ নভেম্বর থেকে শুরু হয়ে ২২ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৪ নভেম্বর এ বিষয়ে একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে। প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত সচিব পদমর্যাদার পাঁচজন এবং যুগ্ম সচিব পদমর্যাদার ৩০ জন কর্মকর্তা রয়েছেন।
তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চারজন, মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দুজন করে কর্মকর্তা রয়েছেন। এছাড়া অর্থ বিভাগ, পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এই দলে অন্তর্ভুক্ত রয়েছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা জামান জানিয়েছেন, পাকিস্তান সরকারের আমন্ত্রণে আয়োজিত এই ১৪ দিনের প্রশিক্ষণে দেশটির প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার পদ্ধতি, সুশাসন, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং সরকারি নীতিকৌশল বিষয়ে শিক্ষা দেওয়া হবে।
জারি করা আদেশ অনুযায়ী, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের যাতায়াত, থাকা-খাওয়া ও প্রশিক্ষণসহ যাবতীয় ব্যয়ভার বহন করবে পাকিস্তান সরকার। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর পাঁচ কর্মদিবসের মধ্যে প্রত্যেক কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় ব্যক্তিগত প্রতিবেদন জমা দিতে হবে।
এর আগে গত মে মাসে প্রথমবারের মতো বাংলাদেশের ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানে প্রশিক্ষণ নিতে গিয়েছিলেন। লাহোরের সিভিল সার্ভিস একাডেমিতে (সিএসএ) ৪ মে থেকে ২১ মে পর্যন্ত ওই প্রশিক্ষণ চলেছিল। প্রথম দফার ওই সফরের পর এবার দ্বিতীয় দফায় ৩৫ কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য পাঠানো হচ্ছে।




