ইসরায়েলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন বিরোধী নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকট। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ তাঁকে এই দায়িত্ব অর্পণ করেছেন। নির্বাচন পরবর্তী রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট হারজগের মুখপাত্র এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শনিবার সন্ধ্যায় আইজেনকটকে বিষয়টি অবহিত করা হয় এবং রোববার আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে ইসরায়েলে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু ও মোসাদপ্রধান।
গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত নেসেট নির্বাচনে কোনো পক্ষই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ জন আইনপ্রণেতার সমর্থন। বর্তমানে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন রয়েছে, যার মধ্যে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থনও অন্তর্ভুক্ত। অন্যদিকে, নেতানিয়াহুর জোটের পক্ষে রয়েছেন ৪৬ জন আইনপ্রণেতা। তবে আইজেনকট আগেই স্পষ্ট করেছেন যে, আরব দলগুলোকে সঙ্গে নিয়ে তিনি সরকার গঠন করবেন না।
নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন, যা প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো সম্ভব। এই সময়ের মধ্যে বিভিন্ন দল নিজেদের নীতিগত দাবি আদায় বা মন্ত্রীর পদ পাওয়া নিয়ে আলোচনা ও দর–কষাকষি করবে। প্রধানমন্ত্রী পদে মনোনীত প্রার্থী হিসেবে আইজেনকট সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় সমর্থন জোগাড় করার চেষ্টা করবেন।
এক্ষেত্রে আইজেনকট ব্যর্থ হতে পারেন। সে ক্ষেত্রে প্রেসিডেন্ট নেসেটের অন্য আরেকজন সদস্যকে নতুন করে সরকার গঠনের আহ্বান জানাবেন। তিনিও নিয়ম মেনে ২৮ দিন সময় পাবেন। নতুন মনোনীত এ প্রার্থীও ব্যর্থ হলে নেসেটের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা তৃতীয় কোনো প্রার্থীর নাম প্রস্তাব করতে পারবেন। ওই ব্যক্তিকে সরকার গড়তে ১৪ দিন সময় দেওয়া হবে। এরপরও যদি অচলাবস্থা বজায় থাকে, তবে আনুষ্ঠানিকভাবে নেসেট ভেঙে দেওয়া হবে এবং ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাবে এবং নিয়ম অনুযায়ী, নেতানিয়াহুই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।
নেসেটের মোট আসন ১২০টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য ৬১টি আসনে জয় পেতে হয়। ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকটের চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয় পেয়েছে। লিকুদ পার্টির নেতা বেনিয়ামিন নেতানিয়াহু প্রায় ১৯ বছর ইসরায়েলে প্রধানমন্ত্রীর দায়িত্বে আছেন এবং গত তিন দশকে নানা রাজনৈতিক সংকট সামলে ক্ষমতার কেন্দ্রে টিকে আছেন।




