দেশের জ্বালানি খাতের শীর্ষ তিন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তিতাস গ্যাস, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড (আরপিজিসিএল) এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডে (বাপেক্স) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন আনা হয়েছে। এর পাশাপাশি রাষ্ট্রীয় সংস্থা পেট্রোবাংলার একাধিক পরিচালক পদেও নতুন করে দায়িত্ব পুনর্বণ্টন করেছে কর্তৃপক্ষ। গত মঙ্গলবার (২৪ নভেম্বর) থেকে শুরু করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর)-এর মধ্যে এই নিয়োগ ও পুনর্বণ্টনের প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হয়।
প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। এতদিন ওই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করে আসা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত করা হয়। অন্যদিকে, তিতাস গ্যাসের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসান।
একই সঙ্গে আরপিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্বে স্থানান্তর করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়ে আরপিজিসিএলের এমডির দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির।
অন্যদিকে বাপেক্সের ক্ষেত্রেও রদবদল কার্যকর করা হয়েছে। সংস্থাটির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে। তার স্থানে বাপেক্সের এমডির চলতি দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে আসা প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিন।




