দক্ষিণ এশিয়ায় ঘনিষ্ঠ সঙ্গীর মাধ্যমে নারীর শারীরিক ও মানসিক নির্যাতনের হার বিশ্ব গড়ের চেয়ে প্রায় ৩৫ শতাংশ বেশি হলেও এ অঞ্চলের বড় একটি অংশে বৈবাহিক ধর্ষণ এখনো অপরাধ হিসেবে বিবেচিত হয় না। ফলে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানসহ একাধিক দেশের লাখ লাখ নারী ও কিশোরী জরুরি আইনি সুরক্ষা থেকে বঞ্চিত থাকছেন। বিশ্বজুড়ে ১০০টিরও বেশি দেশে এই অপরাধের বিচার নিশ্চিত করা হলেও দক্ষিণ এশিয়ার সিংহভাগ দেশ এখনো সেই ৩৬টি রাষ্ট্রের তালিকায় রয়েছে, যেখানে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। আঞ্চলিক নারী অধিকার সংগঠনগুলোর জোট ‘সমাজ’-এর নতুন গবেষণায় এসব বৈষম্যমূলক চিত্র সামনে এসেছে।
গবেষণার তথ্য মতে, দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে কেবল মালদ্বীপে স্ত্রীর সঙ্গে ধর্ষণের অপরাধে অন্য যেকোনো ধর্ষণের সমান শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে নেপাল ও ভুটানে বিষয়টিকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও তুলনামূলক লঘু শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। ভুটানে এটি একটি ছোটখাটো অপরাধ হিসেবে গণ্য হয়, যার শাস্তি মাত্র এক মাস থেকে এক বছরের কারাদণ্ড। নেপালে সাধারণ ধর্ষণের ক্ষেত্রে ৬ থেকে ২০ বছরের সাজা হলেও স্বামী স্ত্রীকে ধর্ষণ করলে সর্বোচ্চ শাস্তি মাত্র পাঁচ বছরের কারাদণ্ড নির্ধারিত রয়েছে। ‘সমাজ’-এর অংশীদার আন্তর্জাতিক সংগঠন ‘ইকুয়ালিটি নাউ’-এর প্রতিনিধি রঞ্জিতা সিলওয়াল জানান, এ অঞ্চলে বহাল থাকা আইনগুলোর বড় অংশই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের উত্তরাধিকার।
ঐতিহাসিক আইনি প্রেক্ষাপট বিশ্লেষণে দেখা যায়, ভারত ও বাংলাদেশে ১৮৬০ সালে এবং শ্রীলঙ্কায় ১৮৮৫ সালে প্রণীত আইনে ধর্ষণের ক্ষেত্রে স্বামীদের জন্য বিশেষ অব্যাহতির বিধান রাখা হয়। এসব আইনে বলা হয়েছে, কোনো পুরুষের সঙ্গে তাঁর প্রাপ্তবয়স্ক স্ত্রীর যৌন সম্পর্ককে ধর্ষণ বলে গণ্য করা যাবে না। নারী অধিকারকর্মীরা মনে করেন, এ ধরনের নিয়ম বর্তমান সময়ের সঙ্গে পুরোপুরি অসংগতিপূর্ণ এবং কোনো নারীর অনিচ্ছায় জোরপূর্বক যৌন সম্পর্ক তৈরি করা স্পষ্ট অপরাধ, অপরাধী স্বামী কিংবা অন্য যিনিই হোন না কেন। চিকিৎসাবিজ্ঞান ও আইন বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, বৈবাহিক সম্পর্কের ভেতর এমন সহিংসতা নারীর শারীরিক, মানসিক, আবেগীয় ও যৌন স্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব ফেলে। উল্লেখ্য, যুক্তরাজ্যে ১৯৯১ সালে আইন সংশোধন করে বৈবাহিক ধর্ষণকে অপরাধ ঘোষণা করা হলেও দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশে পুরোনো অব্যাহতি বহাল রয়ে গেছে।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে পাকিস্তান ২০০৬ সালে বৈবাহিক ধর্ষণের আইনি অব্যাহতির বিধান বাতিল করলেও দেশটির কোনো উচ্চতর আদালত এখনো নিশ্চিত করেনি যে এই আইন বিবাহিত দম্পতিদের ওপর প্রযোজ্য হবে কি না। অধিকন্তু, সাম্প্রতিক এক হাইকোর্টের রায়ে সম্মতিহীন যৌন সম্পর্কের ক্ষেত্রে স্বামীদের ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। তালেবান ২০২১ সালে ক্ষমতায় আসার পর আফগানিস্তানে নারীদের আইনি ব্যবস্থা ধারাবাহিকভাবে ধ্বংস করা হচ্ছে। রঞ্জিতা সিলওয়াল জানান, গত জানুয়ারি মাসে চালু হওয়া নতুন দণ্ডবিধি পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে। নতুন নিয়ম অনুযায়ী, স্বামী স্ত্রীর হাড় ভাঙলে, শরীরে খোলা ক্ষত তৈরি করলে বা মারাত্মক কালশিটে ফেললেই কেবল মামলা করা যাবে, আর অপরাধ প্রমাণিত হলেও স্বামীর সর্বোচ্চ শাস্তি মাত্র ১৫ দিনের জেল। সেখানে বৈবাহিক ধর্ষণের কোনো আইনি সুযোগই রাখা হয়নি।
ভারতে বৈবাহিক ধর্ষণের এই অব্যাহতিকে চ্যালেঞ্জ করে করা ১০টি আবেদনের ওপর আগামী ৯ ডিসেম্বর সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। অতীতে বিভিন্ন আদালত পরস্পরবিরোধী রায় দিয়েছেন এবং কিছু বিচারক বিদ্যমান আইনকে সেকেলে উল্লেখ করে নতুন আইন প্রণয়নে আইনসভার দৃষ্টি আকর্ষণ করেন। গত বছর স্ত্রীকে নির্মম ধর্ষণের পর মৃত্যুর ঘটনায় এক আসামিকে আদালত অব্যাহতি দেওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। তবে ভারতের কেন্দ্রীয় সরকার, পুরুষ অধিকারকর্মী ও বিভিন্ন ধর্মীয় সংগঠন সুপ্রিম কোর্টে এ আবেদনের বিরোধিতা করে দাবি করছে, এটিকে অপরাধ গণ্য করা ‘অতিরিক্ত কঠোর’ পদক্ষেপ হবে। বিবিসিকে সিলওয়াল বলেন, এ ধরনের ধারণার মূলে রয়েছে এমন এক মানসিকতা যা মনে করে বিয়ের মাধ্যমেই আজীবন যৌন সম্মতি নিশ্চিত হয়ে যায়। সমাজ এখনো নারীদের সম্পত্তি হিসেবে দেখে এবং পুরুষতান্ত্রিকতা থেকে বের হতে পারেনি।
বাংলাদেশেও নারী অধিকার সংগঠনগুলো বৈবাহিক ধর্ষণের আইনি ছাড়কে চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করেছে। তাদের যুক্তি, এই অব্যাহতি সংবিধানে উল্লিখিত জীবন, ব্যক্তিস্বাধীনতা এবং নির্যাতন বা নিষ্ঠুর আচরণ থেকে সুরক্ষার মৌলিক অধিকারের স্পষ্ট পরিপন্থী। তবে পরিবর্তনের বিরুদ্ধে থাকা পক্ষগুলোর দাবি, এই আইন প্রবর্তন করলে পারিবারিক কাঠামো দুর্বল হবে, ধর্মীয়-সাংস্কৃতিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে এবং পুরুষদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রবণতা বাড়বে। সিলওয়াল উল্লেখ করেন, কেবল আইন সংশোধন করলেই যে ভুক্তভোগী নারী বিচার পাবেন তা নিশ্চিত নয়, তবে নারীদের সম্পত্তির মতো দেখার মনোভাব ও বিচারহীনতার সংস্কৃতি দূর করতে আইনি সংস্কারের বিকল্প নেই।



