বিশ্ব ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো নিজেদের ক্যারিয়ারে যৌথভাবে জিতেছেন ১৩টি ব্যালন ডি’অর। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনায় খেলার সময় তাঁদের ‘এল ক্লাসিকো’ দ্বৈরথ বিশ্বজুড়ে তৈরি করেছিল তীব্র উন্মাদনা। তবে ব্যালন ডি’অরের বিচারক হিসেবে ভোট দেওয়ার ক্ষেত্রে দুজনের মানসিকতায় কখনোই খুব একটা মিল পাওয়া যায়নি। মেসি কখনো রোনালদোকে ভোট দেননি, আর রোনালদোও কখনো বেছে নেননি মেসিকে। দুজনই সব সময় নিজ ক্লাবের বা জাতীয় দলের সতীর্থদের প্রাধান্য দিয়েছেন।
এই বৈপরীত্যের পরও ব্যালন ডি’অরে ভোটের ইতিহাসে একটি অনন্য ও অদ্ভুত মিল রয়েছে। ফুটবল ইতিহাসে মাত্র দুজন খেলোয়াড় আছেন, যাঁরা মেসি এবং রোনালদো দুজনেরই ভোট লাভ করতে পেরেছেন। তাঁদের একজন হলেন স্পেনের সাবেক তারকা জাভি হার্নান্দেজ এবং অন্যজন পর্তুগালের ডিফেন্ডার নুনো মেন্দেজ।
ঘটনার শুরু ২০১০ সালে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক হিসেবে প্রথমবারের মতো ব্যালন ডি’অরে ভোট দেওয়ার সুযোগ পান রোনালদো। সেবার তাঁর প্রথম পছন্দ ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও স্পেনের মিডফিল্ডার জাভি হার্নান্দেজ, যাঁকে তিনি সর্বোচ্চ ৫ পয়েন্ট দিয়েছিলেন। নিজের ক্লাব সতীর্থ ইকার ক্যাসিয়াসকে রোনালদো রেখেছিলেন দ্বিতীয় স্থানে এবং ইন্টার মিলানের ওয়েসলি স্নেইডারকে দিয়েছিলেন তৃতীয় স্থান। স্পেনের বিশ্বকাপ জয় এবং পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনার ফুটবল দর্শনের অন্যতম স্থপতি জাভির প্রতি রোনালদোর এই সম্মান কম বিস্ময়কর ছিল না। অন্যদিকে ২০১০ সালে মেসি আর্জেন্টিনার অধিনায়ক না থাকায় সে বছর তাঁর ভোট দেওয়ার সুযোগ হয়নি। তবে ২০১১ সাল থেকে ভোট দেওয়া শুরু করে টানা তিন বছর (২০১১ সালে প্রথম, ২০১২ ও ২০১৩ সালে দ্বিতীয়) জাভিকেই নিজের পছন্দের তালিকায় রাখেন মেসি। ফলে এল ক্লাসিকোর উত্তপ্ত সময়েও জাভির প্রতিভা নিয়ে দুজনের কারও সংশয় ছিল না।
মেসি ও রোনালদো উভয়ের ভোট পাওয়া দ্বিতীয় খেলোয়াড়টি হলেন পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেজ। ২০২১ সালে ব্যালন ডি’অরের তরুণ প্রতিভা নির্বাচনের ভোটাভুটিতে রোনালদো মেন্দেজকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন, যেখানে তাঁর প্রথম পছন্দ ছিলেন ম্যাসন গ্রিনউড। কাকতালীয়ভাবে একই বছর পিএসজিতে মেন্দেজের সতীর্থ মেসিও তাঁকে দ্বিতীয় স্থানে রাখেন। পরবর্তী বছর অর্থাৎ ২০২২ সালেও মেসি তরুণ প্রতিভার তালিকায় মেন্দেজকে দ্বিতীয় স্থানে রেখেছিলেন।
মেসির ভোটের ইতিহাসে আরেকটি নাম আলাদা করে নজর কাড়ে, সেটি হলো জুড বেলিংহাম। ২০২১, ২০২২ ও ২০২৩—টানা তিন বছর তরুণ প্রতিভার তালিকায় রিয়াল মাদ্রিদের এই ইংলিশ মিডফিল্ডারকে তৃতীয় স্থানে বেছে নেন মেসি। বেলিংহাম প্রথম দুই বছর বরুসিয়া ডর্টমুন্ডে খেললেও ২০২৩ সাল থেকে রিয়াল মাদ্রিদের তারকা হিসেবে মাঠে নামছেন। ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত মূল ব্যালন ডি’অরে কখনো রিয়াল মাদ্রিদের কোনো ফুটবলার এমনকি রোনালদোকেও ভোট না দেওয়া মেসির জন্য বেলিংহামকে বেছে নেওয়ার ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ।
তরুণ প্রতিভা নির্বাচনের ক্ষেত্রে মেসির অনুমানশক্তিও চমৎকার। ২০২১ থেকে ২০২৬ পর্যন্ত ছয়বার ভোট দিয়ে পাঁচবারই তিনি সঠিক বিজয়ী অনুমান করতে পেরেছেন। তবে পেদ্রি, গাভি কিংবা লামিনে ইয়ামালের মতো বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার প্রতিভাদের প্রতি তাঁর আলাদা পক্ষপাত স্পষ্ট ছিল। সব মিলিয়ে ক্লাব ফুটবলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও খাঁটি ফুটবল প্রতিভাকে মূল্যায়ন করতে মেসি বা রোনালদো কেউই পিছপা হননি।
অর্থাৎ এল ক্লাসিকোর উত্তপ্ত দিনগুলোতেও জাভির ফুটবল–প্রতিভা নিয়ে মেসি বা রোনালদো কারও সংশয় ছিল না।.মেসি-রোনালদো কবে ১০০০ গোলের দেখা পাবেন.ব্যালন ডি’অরে মেসি-রোনালদো দুজনেরই ভোট পাওয়া দ্বিতীয় নামটি নুনো মেন্দেজ।




