রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ হিসেবে সম্বোধন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান নেতা অ্যাডলফ হিটলারকে কেউ বন্ধু বললে যেমন শোনাত, পুতিনকে বন্ধু বলার বিষয়টিও ঠিক তেমন।
জেলেনস্কি আরও বলেন, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে কী লিখবেন বা কী বলবেন, সেটি তার নিজস্ব বিষয়। তবে পুতিনকে বন্ধু হিসেবে অভিহিত করাকে তিনি ‘অদ্ভুত’ বলে মনে করেন। সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে বলেন, ‘তিনি একজন আগ্রাসী এবং হত্যাকারী। তিনি বন্ধু হতে পারেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কেউ যদি হিটলারকে ভালো বন্ধু বলত, বিষয়টি ঠিক তেমনই হতো।’
সম্প্রতি চীনে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে পুতিনকে ‘বন্ধু’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প। এর এক সপ্তাহ পর জেলেনস্কি এই মন্তব্য করলেন। সম্মেলনের কয়েক দিন পর ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ একটি ছবি প্রকাশ করেন, যেখানে সম্মেলনে পুতিনের সঙ্গে তার করমর্দনের দৃশ্য দেখা যায়। ছবিটির শিরোনামে তিনি লিখেছিলেন, ‘আমার বন্ধু’।”
ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের ওভাল অফিসে দুই নেতার বৈঠকে প্রকাশ্যে বাগ্বিতণ্ডা হয়েছিল, যেখানে ট্রাম্প জেলেনস্কিকে ভর্ৎসনা করেন। সাম্প্রতিক সময়েও ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য স্পষ্ট হয়েছে। ট্রাম্প অভিযোগ করেছেন যে, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলার কারণে জ্বালানির দাম বেড়েছে এবং তিনি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন। অন্যদিকে জেলেনস্কির অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের বর্তমান অবস্থান মস্কোকে উৎসাহিত করছে। ফলে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা এবং ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রশ্নে দুই নেতার মধ্যে মতপার্থক্য তীব্রতর হয়েছে।




