প্রচলিত মূল্য নির্ধারণী ফর্মুলা অনুসরণ করলে সয়াবিন তেলের দাম আরও বেশি হতে পারত, তবে আমদানিকারকদের রাজি করিয়ে বর্তমান বাজারদর ধরে রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি মন্তব্য করেন, একরকম জোর করেই তাদের বর্তমান দামে রাজি করানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ভোজ্যতেলের বৈশ্বিক বাজার পরিস্থিতি নিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, বাংলাদেশ সয়াবিন বা পাম অয়েলের উৎপাদনকারী দেশ নয়। ফলে আন্তর্জাতিক বাজার বা উৎসে দাম কমলে কিংবা বাড়লে দেশীয় বাজারেও তার প্রভাব পড়ে। তবে সরকার নির্ধারিত ফর্মুলা অনুযায়ী দাম আরও বাড়ার কথা থাকলেও আমদানিকারকদের বুঝিয়ে বর্তমান মূল্যে স্থিতিশীল রাখা হয়েছে। এছাড়া আসন্ন রমজান ঘিরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি সন্তোষজনক রয়েছে এবং বাজারে কোনো সংকট নেই বলে তিনি উল্লেখ করেন।
গোপালগঞ্জে বিকাশ লেনদেন বন্ধের বিষয়টি প্রসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এটি বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিষয়। তবে পত্রিকায় প্রকাশিত সংবাদ তুলে ধরে তিনি মন্তব্য করেন, ওই এলাকায় অস্বাভাবিক অর্থ প্রবাহের কারণে কিছু প্রশ্নের সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে। অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালেক এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ অন্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




