টাঙ্গাইলের 'খ' শ্রেণির ধনবাড়ী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকাগুলো এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। পৌরসভার তিতাস পাম্প থেকে নবাববাড়ী সড়ক, আমবাগান-নান্দিনা রোড এবং ঢাকা-জামালপুর মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ময়লার বিশাল স্তূপ জমে আছে। দীর্ঘদিনের এই বর্জ্য ব্যবস্থাপনার অভাবে তীব্র দুর্গন্ধ ও পরিবেশ দূষণে পথচারী, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
বিশেষ করে আমবাগান এলাকাটি অত্যন্ত জনবহুল, যেখানে চারটি প্রিক্যাডেট স্কুল, কয়েকটি মাদ্রাসা, ছয়টি এনজিও অফিস ও অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমবাগান মোড় থেকে নান্দিনা যাওয়ার ব্যস্ততম সড়কের লাইট হাউজ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ গেটের পাশে ময়লার বড় স্তূপ গড়ে ওঠায় কোমলমতি শিক্ষার্থীদের নাক চেপে যাতায়াত করতে হয়। স্থানীয় ব্যবসায়ী কিসলু, গোলাপ, জলিল ও সাব্বির জানান, পৌর কর্তৃপক্ষ নিয়মিত ময়লা পরিষ্কার না করায় তাদের সবসময় দুর্গন্ধের মধ্যেই ব্যবসা চালাতে হচ্ছে।
একই চিত্র দেখা গেছে ঢাকা-জামালপুর মহাসড়কের তিতাস পাম্প থেকে ধনবাড়ী নবাববাড়ী সড়কে। পাম্পের ১০০ গজ উত্তরে প্রতিদিন ফেলা বর্জ্য সড়কের কিছু অংশ দখল করে নিয়েছে। এই পথ দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী এবং ঐতিহাসিক নবাববাড়ী দেখতে আসা পর্যটকরা যাতায়াত করেন। ওই এলাকার আশপাশে একটি কলেজ, দুটি মাধ্যমিক বিদ্যালয়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি প্রি-ক্যাডেট স্কুল, একটি মাদ্রাসা, একটি উপস্বাস্থ্য কেন্দ্র ও পল্লী বিদ্যুৎ অফিস অবস্থিত। স্থানীয় বাসিন্দা তারেক ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌরসভার কেউ খোঁজখবর নেয় না, রাস্তাটি ডাস্টবিনে পরিণত হয়েছে এবং তিনি দ্রুত পরিষ্কারের দাবি জানান।
ঢাকা-জামালপুর মহাসড়কের নিউমার্কেট ও খাদ্যগুদাম সংলগ্ন পুরনো যাত্রীছাউনিটিও এখন ময়লার ভাগাড়। আব্দুস সামাদসহ স্থানীয় বাসিন্দারা জানান, বহুবার জানিয়েও পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। সার্বিক বিষয়ে ধনবাড়ী পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস বলেন, তারা নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করছেন, তবে বাসিন্দারা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলছেন না। স্থানীয় সচেতন মহল দ্রুত স্থায়ী বর্জ্য ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছে।




