চলতি মাসে দর বাড়িয়ে ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের মূল্য ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করে সরকার। কিন্তু রাজধানী ঢাকার কোনো বাজারেই নির্ধারিত এই সরকারি মূল্যে গ্যাস কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা। খুচরা বাজার ও ডিলার পর্যায়ে সিলিন্ডারভেদে ২০০ থেকে ৫০০ টাকা, এমনকি কোথাও কোথাও ৬০০ টাকা পর্যন্ত বাড়তি দর হাঁকা হচ্ছে। বিক্রেতা ও ডিলারদের দাবি, তারা নিজেরাও বেশি দামে গ্যাস কিনছেন, ফলে নির্ধারিত সরকারি দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।
মহাখালীর লালমাটি বাজার এলাকায় পরিবার নিয়ে বাস করেন ছোট খাবারের দোকানের মালিক মো. মাহতাব। তিনি তাঁর ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা—উভয় স্থানেই রান্নার জন্য এলপিজি ব্যবহার করেন। তবে পরপর দুই দফা দাম বাড়ায় বাধ্য হয়ে মাঝেমধ্যে বাসাবাড়িতে বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন তিনি। সরকারি দামের কথা তুললে দোকানদাররা হেসে উড়িয়ে দেন বলে জানান তিনি। মাহতাব জানান, কিছুদিন আগে তিনি ২ হাজার ৫০০ টাকায় সিলিন্ডার কিনেছিলেন এবং সর্বশেষটি কিনতে হয়েছে ২ হাজার ৩৫০ টাকায়। তাঁর অভিযোগ, ডিলাররা সরকারের বেঁধে দেওয়া নিয়মের তোয়াক্কা না করে ইচ্ছেমতো দর বাড়াচ্ছেন।
একইভাবে মহাখালীর সাততলা বস্তির বাসিন্দা মর্জিনা আক্তারও গ্যাস সিলিন্ডারের চরম চড়াদামে দিশেহারা। বস্তির পাশেই তাঁদের দোকান রয়েছে এবং সেখানে স্বামী-সন্তান নিয়ে থাকেন তিনি। সম্প্রতি তিনি দুপুরের রান্না সারছিলেন বৈদ্যুতিক চুলায়। মর্জিনা জানান, আগে রান্নাবান্নার প্রধান মাধ্যম এলপিজি থাকলেও বাড়তি দামের কারণে এবার আর সিলিন্ডার কেনেননি। দাম বাড়ানোর পূর্বেই তিনি ২ হাজার ৩০০ টাকায় সিলিন্ডার কিনেছিলেন, কিন্তু এবার দোকানে তাঁর কাছে ২ হাজার ৬০০ টাকা চাওয়া হয়েছে। এত বিপুল টাকা দিয়ে গ্যাস কেনার সামর্থ্য তাঁর নেই।
সাততলা বস্তির ভেতরের পথ ধরে দক্ষিণপাড়া হয়ে নিকেতন বাজার গেটে গেলে ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’ নামের একটি দোকানে এলপিজি সিলিন্ডার বিক্রি করতে দেখা যায়। বস্তির দেয়ালে সাটানো নম্বর থেকে উক্ত প্রতিষ্ঠানে ফোন করে বাড়তি দামে গ্যাস বিক্রির বিষয়ে জানতে চাওয়া হলে জানানো হয়, পাইকারি বাজার থেকেই তাঁদের বেশি দরে কেনাকাটা করতে হয়, যার কারণে খুচরা বিক্রিও বেশি দামে করতে হচ্ছে।
মহাখালীর ওয়্যারলেস গেট রোডের ‘গ্রিন এলপিজি’ নামের দোকানে গিয়ে দেখা যায় ভেতরে-বাইরে সাজানো প্রচুর সিলিন্ডার। সেখানে ১২ কেজির সিলিন্ডারের সর্বনিম্ন দাম চাওয়া হচ্ছে ২ হাজার ৩০০ টাকা। প্রতিষ্ঠানের বিজনেসকোর্ডে ‘ডিস্ট্রিবিউটর’ লেখা থাকলেও স্বত্বাধিকারী ফজলু মোল্লাহ নিজেকে খুচরা বিক্রেতা দাবি করে একই অজুহাত দেন। তিনি বলেন, বেশি দামে কেনায় বাধ্য হয়ে বেশি দামেই তাঁদের বিক্রি করতে হচ্ছে।
তেজগাঁও এলাকার বাসিন্দা জুঁই আক্তার দম্পতির পরিবার চলে উভয়ের যৌথ আয়ে। গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর ক্রমাগত বাড়তে থাকায় তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, আয় না বাড়লেও পরপর দুবার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সরকারি সেই নির্ধারিত দামেও বাজারে গ্যাস পাওয়া যায় না। সম্প্রতি তিনি ২ হাজার ৫০০ টাকা দিয়ে ১২ কেজির একটি সিলিন্ডার কিনতে বাধ্য হয়েছেন।
পূর্ব রামপুরা এলাকায় একটি বাড়ির দেখভালের দায়িত্বে থাকা সোহেল রানা জানান, টিভিতে সরকারি দাম ২ হাজার ৬০ টাকা দেখলেও গতকাল তাঁকে গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে ২ হাজার ৫০০ টাকায়। তিনি আরও জানান, গত মাসে যখন গ্যাসের দাম এত বেশি ছিল না, তখনও বাড়ির মালিক ১২ কেজির একটি সিলিন্ডার কিনেছিলেন ২ হাজার ৭৫০ টাকায়। অন্যদিকে রামপুরা ডিআইটি রোডের পান্না ইলেকট্রনিক্সের মালিক পান্না জানান, কাগজ-কলমে ঘোষিত সরকারি দাম বাজারে এসে বজায় থাকে না। বাজারে সরকার নির্ধারিত দামে একটি সিলিন্ডারও খুঁজে পাওয়া যাবে না বলে চ্যালেঞ্জ জানান এই বিক্রেতা।
নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত ৫-৬ শত টাকায় সিলিন্ডার বিক্রির বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) যুগ্ম সচিব নজরুল ইসলাম সরকার জানান, চড়া দামে এলপিজি বিক্রির বিষয়টি তাঁদের গোচরে এসেছে। অতিরিক্ত দামে কেনা ও বেচা দুটোই অন্যায়। মাঠপর্যায়ে তদারকি চালাতে ও অসাধু বিক্রেতাদের চিহ্নিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে। একইসঙ্গে জেলা পর্যায়গুলোতেও নির্দেশনা পাঠানো হয়েছে। সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নির্ধারিত মূল্যে মিলছে না এলপিজি। এই দামে অনেক ডিলারও এলপিজি পাচ্ছে না। ১২ কেজির এলপিজি’র সিলিন্ডার ২০৬০ টাকায় খুচরা বিক্রি হওয়ার কথা থাকলেও ক্রেতারা তা দুইশ’ থেকে পাঁচশ’ টাকা বেশি দরে কিনছেন। কোথাও কোথাও এরচেয়েও বেশি দাম নেয়া হচ্ছে। চলতি মাসে এলপিজি গ্যাসের মূল্য ২২৩ টাকা বাড়ানোয় ভোক্তা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারের মূল্য দাঁড়িয়েছে ২ হাজার ৬০ টাকা। কিন্তু এই দামে কোথাও সিলিন্ডার মিলছে না।




