জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশে মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৩.৩৮ লাখ কোটি টাকা। সোমবার (১৬ নভেম্বর) সংসদে বিএনপির সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য পেশ করেন।
অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, এই মোট ঋণের মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। এছাড়া নির্দিষ্টকরণ আইন অনুযায়ী চলতি অর্থবছরে মূল ঋণ ও সুদ পরিশোধ বাবদ মোট ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
সংসদে বিএনপির অপর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে বর্তমান সরকার ২ দশমিক ৯৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। তিনি উল্লেখ করেন, বিদেশি অর্থায়নে পরিচালিত উন্নয়ন প্রকল্পগুলো যাতে ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধারের পাশাপাশি সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তা নিশ্চিত করা হচ্ছে। বিশেষ করে উচ্চ সুদ এবং অনমনীয় স্বল্পমেয়াদি শর্তযুক্ত বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকার বিশেষ সতর্কতা অবলম্বন করছে।
এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর অন্য এক প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরে বৈদেশিক সহায়তা ছাড় ৬০ শতাংশ কমেছে। তিনি জানান, প্রায় দুই বছর ধরে দেশে চলা দীর্ঘস্থায়ী অভ্যন্তরীণ অস্থিরতা এবং প্রতিকূল বৈশ্বিক পরিস্থিতির কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দেওয়ায় এই বৈদেশিক সহায়তা ছাড় হ্রাস পেয়েছে। তবে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং প্রকল্প সহায়তার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
বিদ্যমান পরিস্থিতি মোকাবিলা ও সহায়তা ছাড় বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে বেশ কিছু পদক্ষপে নিয়েছে সরকার। অর্থমন্ত্রী জানান, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠক করা, প্রকল্প বাস্তবায়ন ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে তাগিদ দেওয়া এবং প্রকল্প-সংক্রান্ত পদক্ষেপগুলোর বাস্তবায়ন অগ্রগতি নিয়মিত তদারকি ও তথ্য সংগ্রহের জন্য মনিটরিং কাঠামো গড়ে তোলা হয়েছে।




