চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে জড়ো হয়েছেন এস আলম গ্রুপের সাবেক শ্রমিক ও কর্মচারীরা। বন্ধ থাকা সব শিল্পকারখানা অবিলম্বে চালু করা এবং চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালের দাবিতে গতকাল তারা এই কর্মসূচি পালন করেন। পরে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপিও দেন আন্দোলনকারীরা।
স্মারকলিপিতে কারখানাগুলোর উৎপাদন পুনরায় চালু করতে পর্যাপ্ত চলতি মূলধন সরবরাহ করা, সাবেক কর্মীদের চাকরিতে বহাল রাখা এবং উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখার দাবি জানানো হয়। পাশাপাশি বিদ্যমান সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে পরবর্তী সাতদিনের মধ্যে সরকার, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের আহ্বান জানিয়েছেন শ্রমিকরা।
কারখানা দীর্ঘদিন কর্মহীন থাকায় হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন জানিয়ে অবিলম্বে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তারা। স্মারকলিপিতে শ্রমিকরা উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর এস আলম গ্রুপের বেশ কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না থেকে কেবল উৎপাদন সচল রাখতে কাজ করার পরও পরিবর্তিত পরিস্থিতিতে তারা হঠাৎ বেকার হয়ে পড়েছেন।
কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ভাষ্য তুলে ধরে শ্রমিকরা জানান, অন্তর্বর্তী সরকারের আমলে ব্যাংকে গ্রুপের ব্যবসায়িক হিসাব জব্দ এবং ঋণসুবিধা স্থগিত করা হয়। এর ফলে চলতি মূলধন ও প্রয়োজনীয় কাঁচামালের সংকট তৈরি হয়ে উৎপাদন বন্ধ করতে হয়। তবে ব্যাংক হিসাব ও ঋণসুবিধাসংক্রান্ত জটিলতা নিরসন হওয়া মাত্রই কারখানা চালু করা এবং কর্মীদের পুনর্বহালের উদ্যোগ নেওয়া হবে বলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছিল।




