রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) রাত দশটা পাঁচ মিনিটের দিকে এই নাশকতার ঘটনাটি ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে দুইজনকে আটক করেছে পুলিশ।
মিরপুর-১ এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) আলামিন জানান, রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানী পরিবহনের বাসটি যাত্রী নামানোর জন্য নির্ধারিত স্ট্যান্ডে থামে। যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পরপরই বাসটিতে আগুন জ্বলে ওঠে। তবে বাসে থাকা যাত্রী, চালক এবং তার সহকারী সবাই নিরাপদে নেমে আসতে সক্ষম হওয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিরপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। পালিয়ে যাওয়ার সময় পুলিশ দুইজনকে আটক করে। তবে প্রাথমিকভাবে আটককৃত ওই দুইজনের নাম জানা যায়নি।




