২০২৪-২৫ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭৮৬ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এই অংক ৯৭ হাজার ৯২৭ কোটি ৭৪ লাখ টাকারও বেশি। রোববার জাতীয় সংসদে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিরোধীদলীয় জামায়াতে ইসলামীর সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।
মন্ত্রী জানান, সরকারি আমদানি-রপ্তানি পরিসংখ্যান অনুযায়ী, ওই অর্থবছরে ভারত থেকে বাংলাদেশ ৯৬২ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে রপ্তানি করেছে ১৭৬ কোটি মার্কিন ডলারের পণ্য। সার্কভুক্ত অন্যান্য দেশের মধ্যে আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ১ কোটি ৭ লাখ ১০ হাজার ডলার, ভুটানের সঙ্গে ২ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ডলার এবং পাকিস্তানের সঙ্গে ৬৮ কোটি ১৩ লাখ ডলার। তবে নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে উদ্বৃত্ত রয়েছে বলে জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানির ক্ষেত্রে শুল্কজনিত প্রতিবন্ধকতা দূর করতে সরকার নিয়মিত কাজ করছে। এর মধ্যে অশুল্ক বাধা দূরীকরণ, পণ্যের মান সনদের পারস্পরিক স্বীকৃতি, সীমান্ত অবকাঠামো উন্নয়ন এবং বাণিজ্য সহজীকরণ অন্যতম। এ লক্ষ্যে বাণিজ্যসচিব পর্যায়ের বৈঠক ও যৌথ কর্মদলের কার্যক্রম চলমান রয়েছে। গত ২০২৬ সালের ৮ ও ৯ অক্টোবর নয়াদিল্লিতে যৌথ কর্মদলের ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ডিসেম্বর মাসে পরবর্তী সচিব পর্যায়ের বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
তিনি উল্লেখ করেন, ১৯৭২ সালে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিটি ২০১৫ সালে নবায়ন করা হয়। সাফটা ও এপিটিএ চুক্তির আওতায় তামাক ও অ্যালকোহলজাত পণ্য ছাড়া প্রায় ১৫টি পণ্য বাদে বাংলাদেশের অন্যান্য সব পণ্য ভারতের বাজারে শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার পায়। রপ্তানি বৃদ্ধির পদক্ষেপ হিসেবে ভারত ও প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য উদারীকরণের ফলে রপ্তানি বাড়লেও খাদ্যপণ্য ও কাঁচামাল আমদানি বৃদ্ধির কারণে ঘাটতিও বেড়েছে।
সরকার ভারতে তৈরি পোশাক, আসবাবপত্র, প্রক্রিয়াজাত খাদ্য ও পাটজাত পণ্যের রপ্তানি বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর মধ্যে ব্র্যান্ড ইমেজ তৈরি, প্যাকেজিংয়ের উন্নয়ন ও ভারতীয় ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ জোরদারের পাশাপাশি ভারতের শুল্ক কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলছে। এছাড়া ভারতের সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ) স্বাক্ষরের কার্যক্রম চলমান রয়েছে। ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সম্পন্ন হয়েছে এবং পাটজাত পণ্যের অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের বিষয়টিও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মন্ত্রী। এছাড়া রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ২০২৫-২৬ অর্থবছরে ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ আয়োজনের মাধ্যমে রপ্তানি বাজারে নতুন মাইলফলক তৈরির প্রচেষ্টা চালাচ্ছে।




