আনতালিয়ায় চলমান কপ৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন নিয়ে বিশ্বনেতারা যখন আলোচনা করছেন, তখন ২০২৪ সালের আগস্টের বন্যায় নোয়াখালী, ফেনী ও কুমিল্লার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা স্মরণ করা জরুরি। জলবায়ু পরিবর্তন বাংলাদেশের জন্য কেবল পরিবেশগত সংকট নয়, বরং এটি উন্নয়ন ও আর্থিক খাতের জন্য একটি বড় ঝুঁকি। এই ঝুঁকি মোকাবিলায় ইসলামি অর্থায়ন সঞ্চয়কে কাজে লাগানো, ক্ষতি ভাগ করে নেওয়া এবং ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে সুরক্ষা প্রদানের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে শরিয়াহসম্মত নাম থাকলেই কোনো প্রকল্প জলবায়ুবান্ধব হয়ে যায় না; এর জন্য প্রয়োজন উপযুক্ত প্রকল্প নির্বাচন, জবাবদিহি এবং পরিমাপযোগ্য ফলাফল।
কপ৩১ তুরস্কের সভাপতিত্বে ৯ নভেম্বর শুরু হয়েছে এবং ২০ নভেম্বর শেষ হওয়ার কথা। সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের বদলে অনুদান এবং আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত অর্ধেক অভিযোজন খাতে বরাদ্দের দাবি জানিয়েছেন। বাংলাদেশ অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর দাবিও জানিয়েছে। দাবিগুলো ন্যায্য হলেও, আনাতলিয়ার সিদ্ধান্তের পর দেশে সহনশীলতা গড়ে তোলার জন্য অর্থের উৎস, স্বচ্ছ প্রতিষ্ঠান এবং তা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কার্যকর উপায় নিশ্চিত করা জরুরি।
২০২৪ সালের পূর্বাঞ্চলীয় বন্যায় ১১টি জেলা ক্ষতিগ্রস্ত হয়। সিপিডির হিসাবে ক্ষয়ক্ষতি ছিল প্রায় ১৪ হাজার ৪২১ কোটি টাকা; এর এক-তৃতীয়াংশের বেশি কৃষি ও বন খাতে। ফসল হারানো পরিবার সঞ্চয় ভাঙে বা চড়া সুদে ঋণ নেয়, আর ক্ষুদ্র ব্যবসায়ীরা কিস্তি দিতে ব্যর্থ হয়। ফলে ব্যাংক বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঋণের মান খারাপ হয়। সরকারকে ত্রাণ ও পুনর্গঠনে ব্যয় বাড়াতে হয়, যা উন্নয়ন প্রকল্পের অর্থ সরিয়ে বা নতুন ঋণ নিয়ে করতে হয়। মাঠের দুর্যোগ এভাবেই ব্যাংকের হিসাব ও সরকারি বাজেটে পৌঁছে যায়।
বিশ্বব্যাংকের বাংলাদেশ জলবায়ু ও উন্নয়ন প্রতিবেদন বলছে, ঘূর্ণিঝড়ে বছরে প্রায় ১০০ কোটি ডলারের ক্ষতি হয় এবং তীব্র বন্যায় জিডিপি ৯ শতাংশ পর্যন্ত কমতে পারে। যথাযথ পদক্ষেপ না নিলে ২০৫০ সালের মধ্যে কৃষিজ জিডিপির এক-তৃতীয়াংশ ঝুঁকিতে পড়তে পারে। জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) বাস্তবায়নে ১১৩টি উদ্যোগের জন্য বছরে ৮ দশমিক ৫ বিলিয়ন ডলারের প্রয়োজন, যার প্রায় ৬ বিলিয়ন ডলার আন্তর্জাতিক উৎস থেকে আসার কথা। এত বড় ঘাটতি পূরণে অনুদান, স্বল্পসুদের ঋণ, সরকারি বিনিয়োগ এবং দেশি-বিদেশি বেসরকারি অর্থ—সবই দরকার।
ইসলামি অর্থায়নের নৈতিক ভিত্তি—যেমন ন্যায়বিচার, পৃথিবীর রক্ষণাবেক্ষণের দায়, জনকল্যাণ এবং ক্ষতি এড়ানোর নীতি—জলবায়ু সহনশীলতাকে সমর্থন করে। মাকাসিদুশ শরিয়াহ মানুষের জীবন ও সম্পদ সুরক্ষাকে গুরুত্ব দেয়। অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি, সহনশীল আবাসন ও সেচে এর সম্ভাবনা রয়েছে। তবে তিনটি সতর্কতা জরুরি: শরিয়াহসম্মত প্রকল্পের পরিবেশগত প্রভাব যাচাই করা, বিক্রয় বা ইজারাভিত্তিক অর্থায়নে প্রকৃত ঝুঁকি বহন নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠা করা। মার্চ ২০২৬-এ পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকগুলোর খেলাপি ঋণের হার ৫৮ দশমিক ৪ শতাংশে পৌঁছানো এবং পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করার ঘটনা প্রমাণ করে যে, নৈতিক পরিচয় ভালো তদারকির বিকল্প হতে পারে না।
জলবায়ু অর্থায়নে সুকুক একটি কার্যকর মাধ্যম হতে পারে। ২০২০ সালের ডিসেম্বর থেকে সরকার প্রায় ৪৮ হাজার কোটি টাকার সুকুক তুলেছে। ২০২৬ সালের জুনে নবম সরকারি বিনিয়োগ সুকুকের অর্থ ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক পুনর্বাসনে ব্যবহারের কথা থাকলেও, এর জন্য প্রকাশিত সবুজ মানদণ্ড বা প্রভাব প্রতিবেদন নেই। বিএসইসি মে ২০২৬-এ গ্রিন সুকুকের সংজ্ঞা যুক্ত করেছে, তবে অর্থ মন্ত্রণালয় ও নিয়ন্ত্রকদের স্বচ্ছ কাঠামো ও বার্ষিক প্রতিবেদন নিশ্চিত করা জরুরি। বেক্সিমকোর ৩ হাজার কোটি টাকার করপোরেট গ্রিন সুকুক প্রকল্পের দীর্ঘ বিলম্ব প্রমাণ করে যে, দুর্বল ব্যবস্থাপনায় সবুজ সুকুকের লেবেল বিনিয়োগকারীকে রক্ষা করে না।
ইসলামি ব্যাংকগুলো গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে সৌরচালিত সেচ, বন্যা-সহনশীল গুদাম, লবণাক্ততা-সহিষ্ণু বীজ ও জলবায়ু-স্মার্ট মৎস্য চাষে মুরাবাহা, ইজারা বা মুশারাকার ব্যবহার করতে পারে। এছাড়া আবহাওয়া-সূচকভিত্তিক বীমা এবং তাকাফুল ক্ষুদ্র কৃষক ও জেলেদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ। গ্রিন ডেল্টার কর্মসূচি ২০১৫ সালের ২১৫ কৃষক থেকে ৩৫ জেলায় প্রায় ১৫ লাখ ৩০ হাজার কৃষকে পৌঁছেছে এবং প্রায় ৩৩৬ হাজার দাবিদারকে ১৮ কোটি ৮০ লাখ টাকা দিয়েছে। তবে দরিদ্র কৃষকের প্রিমিয়ামে সরকারি সহায়তা, পুনঃতাকাফুল সক্ষমতা এবং স্বচ্ছ ক্ষতিপূরণ নীতি দরকার। জাকাত, ওয়াকফ ও কর্জে হাসানা দুর্যোগের আগে ও পরে সামাজিক সুরক্ষাকে শক্তিশালী করতে সহায়ক হতে পারে, তবে এসব তহবিলের পেশাদার ব্যবস্থাপনা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের জন্য সাতটি কাজ জরুরি: জাতীয় অভিযোজন পরিকল্পনা থেকে বিনিয়োগযোগ্য প্রকল্পের তালিকা করা, সার্বভৌম গ্রিন ও সাসটেইনেবিলিটি সুকুক কাঠামো ও স্বাধীন পর্যালোচনা চালু করা, ইসলামি উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংকের মতো সংস্থার গ্যারান্টি কাজে লাগানো, ব্যাংকের সুশাসন পুনর্গঠন ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বাধ্যতামূলক করা, বীমা নিয়ন্ত্রকের মাধ্যমে ক্ষুদ্রতাকাফুলের বিধি স্পষ্ট করা, ওয়াকফ নিবন্ধন ও ডিজিটাল জাকাত ব্যবস্থাপনা করা এবং অর্থ বিভাগ ও পরিকল্পনা কমিশনকে নিয়ে সমন্বয় কাঠামো গড়ে ফল প্রকাশ করা। আন্তর্জাতিক অনুদানের দাবি জোরালো করার পাশাপাশি দেশীয় প্রতিষ্ঠানকে সঞ্চয় সংগ্রহ ও ঝুঁকির সঠিক মূল্য নির্ধারণে সক্ষম করে তোলাই সাফল্যের মাপকাঠি।
লেখক: অর্থ ও ফিন্যান্সের অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের এলএসইউÑনিউ অরলিন্সের মফেট চেয়ার। তিনি সিনিয়র ফুলব্রাইট স্কলার, ২০১৬ সালের ইসলামী ব্যাংকিং ও ফিন্যান্সে ইসলামি উন্নয়ন ব্যাংক পুরস্কারপ্রাপ্ত এবং AAOIFI-এর এথিক্স অ্যান্ড গভর্ন্যান্স বোর্ডের সদস্য ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যান




