পটিয়া প্রতিনিধি: চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের পটিয়ায় ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মো. ফায়েজ (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে ওই মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় রামিম নামে মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত ফায়েজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেবী পাড়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি সম্প্রতি প্রবাস থেকে দেশে ফিরেছিলেন। আহত রামিম একই ইউনিয়নের নয়ার পাড়ার বাসিন্দা। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফায়েজকে মৃত ঘোষণা করেন।
আহত রামিমের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পটিয়া হাইওয়ে থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনায় মোটরসাইকেলের আরোহী ফায়েজ নিহত হয়েছেন। আহত অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।




