নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর বনানী থানা ছাত্রদলের সদস্য শেখ সিয়ামের শটগান হাতে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে এমন ভয়ংকর আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ঘটনাকে কেন্দ্র করে বনানী ও মহাখালী এলাকার সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ছবিটির সত্যতা নিয়ে চারদিকে নানা আলোচনা-সমালোচনা চললেও বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—এই তরুণ নেতার মাথার ওপর কার অদৃশ্য আশীর্বাদ রয়েছে, যার জোরে তিনি প্রকাশ্যে শটগান হাতে ঘুরে বেড়ানোর সাহস পান?
স্থানীয় সূত্র ও তথ্য অনুযায়ী, শটগান হাতে ভাইরাল হওয়া শেখ সিয়াম বনানী থানাধীন মহাখালী ওয়্যারলেস গেইট এলাকার হাবিবুর রহমানের ছেলে। তিনি বনানী থানা ছাত্রদলের সভাপতি মো. নাঈম উদ্দিন মিজবাহ্র অত্যন্ত সক্রিয় অনুসারী হিসেবে পরিচিত।
এলাকাবাসীর ভাষ্য মতে, সিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় নিজের প্রভাব ও ত্রাস বিস্তারের চেষ্টা চালিয়ে আসছিল এবং কথায় কথায় সাধারণ মানুষকে ভয় দেখিয়ে জিম্মি করে রাখত।
রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের কর্মীর হাতে প্রকাশ্যে শটগানের মতো ভারী আগ্নেয়াস্ত্র দেখা যাওয়া দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য একটি বড় অশনিসংকেত। নামমাত্র রাজনৈতিক পদকে ঢাল হিসেবে ব্যবহার করে কীভাবে একশ্রেণির তরুণেরা অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও অপরাধের জগতে জড়িয়ে পড়ে, সিয়ামের ঘটনাটি তার একটি স্পষ্ট উদাহরণ বলে মনে করেন সচেতন মহল।
ঘটনার বিষয়ে বনানী থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল্লাহ হবি বলেন, “স্থানীয় লোকজন থেকে সিয়ামের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ শুনেছি। সিয়াম কথায় কথায় মানুষের সাথে ঝগড়া করে। এখন শুনেছি তার হাতে শটগানসহ ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগের এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা উচিত।”
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)- মোহাম্মদ সালাউদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে শটগান হাতে ছবি ভাইরাল হওয়ার বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছি। ছবিতে থাকা শটগানটি বৈধ নাকি অবৈধ, তা যাচাই করা হচ্ছে। যদি অবৈধ অস্ত্র প্রদর্শনের সত্যতা পাওয়া যায়, তবে তাকে গ্রেপ্তারসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”




