গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সোমবার সকালে পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন। তারা মূলত কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে জড়ো হয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে এই কর্মসূচি পালন করেন। সকালে দুটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ জানান। শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর ফলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন থাকে।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গত কয়েকদিনের অস্থিরতায় জেলায় ১৭টি কারখানা বন্ধ রয়েছে। তবে বাকি কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বর্তমানে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
জননিরাপত্তা নিশ্চিত করতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।




