সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া: শিক্ষা সফরকে ঘিরে ছিল আনন্দ-উচ্ছ্বাস। কুমিল্লা থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। কিন্তু পথেই সেই আনন্দযাত্রা পরিণত হলো বিষাদে। চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশের ডোবায় পড়ে গেলে এক শিক্ষিকাসহ দু’জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ শনিবার (০৭ নভেম্বর) ভোর ৪টার দিকে সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। বাসটি কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে কক্সবাজার যাচ্ছিল।
নিহতরা হলেন- মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)।
মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুটি বাসে শতাধিক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী কক্সবাজারের উদ্দেশে রওনা হন। দুর্ঘটনাকবলিত বাসটি ছিল পেছনে। সেটি কেরানীহাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সামনের বাসে থাকা তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস, হাইওয়ে ও থানা পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ডোবায় পড়ে যায়। নিহত দু’জন বাসের সামনের আসনে ছিলেন। পানিতে ডুবে শ্বাস নিতে না পেরে তাঁদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মরদেহ দোহাজারী হাইওয়ে থানায় রয়েছে। নিহতদের স্বজনেরা এলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।
স্থানীয় অ্যাম্বুলেন্স চালক মোহাম্মদ রাশেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দু’জনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




