হরমুজ প্রণালির কৌশলগত সমুদ্রসীমায় মাইন ও বিস্ফোরক হামলায় চারটি তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে অন্তত তিনটি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড করপস (আইআরজিসি) নৌবাহিনীর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য প্রকাশ করেছে।
এদিকে আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা বৃটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, ওমানের খাসাব এলাকা থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হরমুজ প্রণালিতে বিস্ফোরক ব্যবহার করে একটি ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়। একটি ছোট নৌকা ট্যাংকারটির কাছাকাছি এসে পানির স্তরের ওপরে দুটি বিস্ফোরক যুক্ত করে দেয়। এর পরপরই জাহাজটির ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং ট্যাংকারটি সাময়িকভাবে বিকল হয়ে পড়ে।
অগ্নিসংযোগের পর জাহাজের ক্রুরা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিভিয়ে ফেলার পর ট্যাংকারটি আবার স্বাভাবিভাবে গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। ইউকেএমটিও নিশ্চিত করেছে যে জাহাজে থাকা সব ক্রু নিরাপদে রয়েছেন এবং এ ঘটনায় সামুদ্রিক পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ওই গুরুত্বপূর্ণ নৌপথে যাতায়াতকারী অন্যান্য সব জাহাজকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।




