ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় স্বামীর দ্রুত জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে শারীরিকভাবে হেনস্তা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম হযরত আলী মন্ডল, যিনি পুটিজানা ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। এ ঘটনায় ভুক্তভোগী জাহানারা খাতুন (৪৫) ফুলবাড়ীয়া থানায় লিখিত অভিযোগ জানালে পুলিশ সেটিকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেছে।
মামলার এজাহার ও অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের বৈলাজান গ্রামের কর্মকার বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী পূর্বে সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন করেছিলেন। তার স্বামী দুলাল মিয়া বিদেশি মুদ্রা লেনদেনসংক্রান্ত একটি মামলায় অভিযুক্ত হয়ে প্রায় দেড় মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান। অভিযোগ রয়েছে, দুলাল মিয়াকে দ্রুত কারাগার থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে জাহানারা খাতুনের কাছে অনৈতিক সুবিধা দাবি করেন হযরত আলী মন্ডল।
অভিযোগ অনুযায়ী, যুবদল নেতা হযরত আলী দীর্ঘদিন ধরেই ওই নারীকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার দিন তিনি জাহানারা খাতুনকে শারীরিকভাবে হেনস্তা করেন এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করে জোরপূর্বক অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগী নারী বাধা দিয়ে নিজেকে রক্ষা করেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পুটিজানা ইউনিয়নের শিবগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দারা। তারা জানান, অভিযুক্ত হযরত আলীর বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে এলাকায় আগে থেকেই নানা আলোচনা ছিল। একজন নারীর সঙ্গে এ ধরনের জোরজুলুমের ঘটনা মেনে নেওয়া যায় না উল্লেখ করে তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক আইনগত শাস্তির দাবি জানিয়েছেন।
ঘটনাটি নিয়ে ভুক্তভোগীর পরিবারও ন্যায়বিচারের দাবি জানিয়েছে। জাহানারার পুত্রবধূ জানান, তার শাশুড়িকে অনৈতিক প্রলোভন দেখিয়ে শারীরিক লাঞ্ছনা করা হয়েছে। গত দুই দিন ধরে শাশুড়ি বাড়িতে নেই এবং তিনি থানায় মামলা করেছেন। অন্যদিকে জাহানারার মা খাদিজাও বলেন, তার মেয়ের সঙ্গে জোরপূর্বক অনৈতিক কাজের চেষ্টা করা হয়েছে এবং তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চান।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে হযরত আলীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। তবে উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা হয়েছে। আগামীকাল তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে অভিযুক্তের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি তৎপরতার কথা জানিয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল حسن বলেন, রাতে এ বিষয়ে থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। আত্মগোপনে থাকা আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।




