পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর নতুন সরকারের আমলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত আয়োজিত এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এবং বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের উপস্থিত থাকার কথা রয়েছে। মঙ্গলবার নন্দন চত্বরে সরকারি কমিটির এক প্রস্তুতিমূলক বৈঠকের পর এই তথ্য জানা গেছে।
নন্দন চত্বরে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী, মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, পরিচালক সন্দীপ রায়, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী, শর্বরী মুখোপাধ্যায়সহ দপ্তরের শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের জানান, উৎসব চলাকালীন পুরো শহরকে নতুন আঙ্গিকে সাজানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
নতুন কমিটির ভাবনা অনুযায়ী, উৎসবের উদ্বোধন অনুষ্ঠানটি ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রাঙ্গণে আয়োজিত হতে পারে। ভিক্টোরিয়া চত্বরে একটি বিশেষ রেড কার্পেট তৈরির পরিকল্পনা রয়েছে এবং এর আশপাশে দেশের প্রখ্যাত তারকাদের কাটআউট স্থাপন করা হবে। উদ্বোধনী মঞ্চে রজনীকান্ত ও কঙ্গনা রানাওয়াত ছাড়াও প্রভাস (উপলপতি ভেঙ্কট সূর্যনারায়ণ প্রভাস রাজু) এবং কোনো হলিউড তারকার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। অতীতে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম বা ধনধান্য অডিটোরিয়ামে উৎসবের উদ্বোধন হলেও, নতুন সরকারের প্রথম আয়োজনে কোনো খামতি রাখতে চাইছে না আয়োজক কমিটি। বর্তমানে জোর প্রস্তুতি ও ধারাবাহিক বৈঠক চলছে।
এদিকে, রাজ্যজুড়ে ক্ষমতার পালাবদলের পর উৎসবের বাহ্যিক আয়োজনেও পরিবর্তন আনা হয়েছে। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগোর রঙ নীল থেকে বদলে গেরুয়া করা হয়েছে। সাধারণত প্রতি বছর নভেম্বর মাসে এই উৎসব অনুষ্ঠিত হলেও, এবার শীতের আমেজে ১৬ থেকে ২৩ ডিসেম্বর তিলোত্তমায় বসবে সিনেমার এই আসর।




