লক্ষ্মীপুরে মাটির ব্যবসার আধিপত্য নিয়ে বিরোধের জেরে খোরশেদ বাহিনীর প্রধান খোরশেদকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষ। বুধবার দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। পুলিশ জানিয়েছে, নিহত খোরশেদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। জেলায় গত তিনদিনের ব্যবধানে এটি দ্বিতীয় খুনের ঘটনা।
নিহতের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার অভিযোগ করে জানান, বুধবার দুপুরে মোরশেদ ও মজিদ নামের দু'জন খোরশেদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর গুলির শব্দ শুনে তারা দৌড়ে গিয়ে দেখেন খোরশেদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে আছেন। পরিবারের দাবি, ওয়ালিদ নামের একজন প্রতিপক্ষ তাকে গুলি করেছেন। মাটির ব্যবসার দখল নিয়ে ওয়ালিদ দীর্ঘদিন ধরেই খোরশেদকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। আকলিমা আক্তার জানান, গুলির শব্দ শুনেই তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং স্বামীর বুক রক্তে ভেজা অবস্থায় দেখতে পান। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হাসান রনি জানান, খোরশেদকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে এবং তার বুকে কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ ফারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খোরশেদ বাহিনীর প্রধান হিসেবে পরিচিত এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।




