চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। বেলা ১১টায় সচিবালয়ে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশের ঘোষণা দেওয়া হবে। এর আগে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের আয়োজন করার কথা থাকলেও স্থান পরিবর্তন করে সচিবালয়ে নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক সংশোধিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরাসরি তাদের ফলাফল জানতে পারবেন। এছাড়া ইন্টারনেটে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করা যাবে। মোবাইল ফোনের এসএমএস সেবার মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে। এর জন্য এইচএসসি লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, তারপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। উদাহরণস্বরূপ— HSC Dha 123456 2026 লিখে পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে।
একই সঙ্গে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফলাফলে অসন্তুষ্ট পরীক্ষার্থীদের জন্য পুনর্নিরীক্ষণের সুযোগ থাকছে। ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। এই সংক্রান্ত যাবতীয় বিস্তারিত তথ্য ও নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।




