জাপানের টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক গোলযোগের কারণে কিছু সময় বিলম্বের পর অবশেষে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৭৭। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উড়োজাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সাময়িকভাবে যাত্রা স্থগিত করা হয়। কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শেষে বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ফ্লাইটটি নারিতা বিমানবন্দর ত্যাগ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে উড়োজাহাজটি টার্মিনাল থেকে পুশব্যাক করার পর রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা দেয়। নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন এবং কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে বিমানটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়।
নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর পাইলট ককপিট থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বিলম্বের বিষয়টি যাত্রীদের অবহিত করেন এবং এ জন্য দুঃখ প্রকাশ করেন। এরপর প্রকৌশলীরা উড়োজাহাজটির কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন। ত্রুটি দূর করে প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন হওয়ার পর পুনরায় যাত্রার প্রস্তুতি নেওয়া হয়।
উল্লেখ্য, চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর জাপান যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক ছাড়াও দেশটির বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এছাড়া সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন।




