বিজন কুমার বিশ্বাস, কক্সবাজার: কক্সবাজার জেলায় মা ও শিশু স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি-বেসরকারি কর্মকর্তাদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপপরিচালক (পরিবার পরিকল্পনা) বিপ্লব বড়ুয়া। সভা সঞ্চালনা করেন ডা. মো. নুরুস সাফা চৌধুরী সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট (FPCS-QIT) ।
সভায় আগস্ট ২০২৬ মাসের পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ, সেবার অগ্রগতি এবং বিভিন্ন কর্মসূচির পারফরম্যান্স পর্যালোচনা করা হয়। আলোচনায় জানানো হয়, আইইউডি (IUD)-এর সংকটের কারণে গত মাসে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হয়নি। এ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় লজিস্টিক দ্রুত সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া ই-রেজিস্টার কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন উপজেলার কর্মকর্তারা ট্যাব ডিভাইস অকার্যকর থাকার বিষয়টি তুলে ধরেন। তারা জানান, পর্যাপ্ত সচল ট্যাব না থাকায় মাঠপর্যায়ে ডিজিটাল তথ্য সংরক্ষণ ও সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
সভায় রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্মহার এবং পরিবার পরিকল্পনা সেবা আরও বেগবান করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধি ও সেবার আওতা সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সমন্বয় সভায় জেলার সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার এবং জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে উপপরিচালক বিপ্লব বড়ুয়া বলেন, সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বের প্রতি আরও সজাগ থেকে নিষ্ঠা, আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জেলার মা ও শিশু স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব।




